দুই শিশুকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের শার্শা উপজেলায় দুই শিশুকে বিষ খাইয়ে মা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ওই দুই শিশুও মারা গেছে। গতকাল রোববার রাতে উপজেলার কায়বা ইউনিয়নের দীঘা গ্রামে এ ঘটনা ঘটে।

ওই মায়ের নাম হামিদা খাতুন (৩০)। তাঁর দুই সন্তান শরিফা খাতুন (১২) ও সায়েম হোসেন (৩)। হামিদা খাতুন শার্শা উপজেলার দীঘা গ্রামের ইব্রাহিম হোসেনের স্ত্রী। এ ঘটনায় পুলিশ হামিদা খাতুনের শ্বশুর আরাফাত হোসেন ও শাশুড়ি মরিয়ম বেগমকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করছে।

হামিদা খাতুনের স্বামী ইব্রাহিম হোসেন জানান, তিনি চা বিক্রি করেন। উপজেলার তালিতাবাড়িয়া বাজারে তাঁর একটি চায়ের দোকান আছে। তাঁর মা ও বাবার সঙ্গে তাঁর স্ত্রীর প্রায়ই ঝগড়া হতো। গতকালও তাঁদের ঝগড়া হয়। রাতে তিনি বাড়িতেই ছিলেন। রাত ১১টার দিকে গোপনে তাঁর স্ত্রী দুই ছেলেমেয়েকে ইঁদুর মারার ট্যাবলেট খাওয়ান। তিনি নিজেও ট্যাবলেট খান। এতে তাঁরা অসুস্থ হয়ে পড়েন। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যায়।

বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক সুকদেব রায় বলেন, মা, ছেলে ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ তিনটি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ইঁদুর মারা ট্যাবলেট খেয়ে তাঁরা মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। জিজ্ঞাসাবাদের জন্য হামিদা খাতুনের শ্বশুর আরাফাত হোসেন ও শাশুড়ি মরিয়ম বেগমকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।