দুই শিশুকে মারধরের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলায় পারিবারিক বিরোধের জের ধরে দুই শিশুকে মারধর করার হুমকি দিয়েছে প্রতিপক্ষ। এ ঘটনায় শিশুর অভিভাবকেরা গত রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগ ও ইউএনওর সঙ্গে কথা বলে জানা যায়, ভরাডোবা ইউনিয়নের রাংচাপড়া গ্রামের মো. মজিবরের সঙ্গে জমিজমা-সংক্রান্ত বিষয়ে একই গ্রামের লিখন মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। মজিবরের ছেলে ও ভাতিজা উত্তর রাংচাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। ওই দুই শিশু স্কুলে আসা-যাওয়াসহ বিভিন্ন প্রয়োজনে লিখন মিয়াদের বাড়ির সামনের রাস্তা দিয়ে চলাচল করে।

বিরোধের জের ধরে সম্প্রতি লিখন মিয়া দুই শিশুকে তাঁর বাড়ির সামনের রাস্তা দিয়ে যেতে নিষেধ করেন। লিখন মিয়া শিশুদের মারধর করবেন বলে মজিবরকে হুমকিও দেন। গত শনিবার স্কুল থেকে লিখন মিয়ার বাড়ির সামনের রাস্তা দিয়ে ওই দুই শিশু বাড়ি ফিরছিল। এ সময় লিখন লাঠিসোঁটা নিয়ে তাদের মারধর করার হুমকি দেন।

লিখন মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোনের নম্বরটি বন্ধ পাওয়া যায়।

স্থানীয় লোকজনের পরামর্শে মজিবর রোববার ভালুকার ইউএনও মো. কামরুল আহসান তালুকদারের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেন। ইউএনও বলেন, ঘটনাটির সুরাহা করতে উপজেলার ভরাডোবা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ইউপি চেয়ারম্যান শাহ আলম তরফদার বলেন, গতকাল সোমবার তিনি ওই এলাকায় যান। স্থানীয় কয়েকজনকে তিনি খোঁজখবর নেওয়ার জন্য অনুরোধ করেছেন। তবে ওই দুই পরিবারের মধ্যে জমি-সংক্রান্ত বিরোধের জেরে কয়েকটি পাল্টাপাল্টি মামলা রয়েছে।