রংপুরের বদরগঞ্জ পৌরসভার বালুয়াভাটা আদর্শপাড়া গ্রামের পাঁচ-ছয় বছর বয়সের দুই মেয়েশিশুকে পৃথকভাবে যৌন নিপীড়নের অভিযোগে জিয়াফ উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে পুলিশ তাঁকে আটক করে।
পুলিশ জানায়, জিয়াফ উদ্দিনের বাড়ি কালুপাড়া ইউনিয়নের কবিরাজপাড়া গ্রামে। তিনি একটি সোলার কোম্পানিতে চাকরি করেন। বিবাহিত হলেও তিনি একাই থাকতেন বালুয়াভাটার আদর্শপাড়া গ্রামের ভাড়া করা একটি বাসায়। গতকাল দুপুরে কয়েকটি শিশু তাঁর বাসার পাশে খেলছিল। এ সময় তিনি এক শিশুকে চকলেট দেওয়ার প্রলোভন দিয়ে বাসায় ডেকে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টা চালান। কিছুক্ষণ পর আরও এক শিশুকে ডেকে নিয়ে একই ঘটনা ঘটান। পরে ওই দুই শিশু বাড়িতে গিয়ে বিষয়টি জানায়।
গ্রামের ইদ্রিস আলী বলেন, বিষয়টি পৌর কাউন্সিলরকে জানানোর পর এ নিয়ে সালিশ বসানো হয়। পুলিশ সালিশ থেকে জিয়াফকে আটক করে।
বদরগঞ্জ ওসি মোস্তাফিজার রহমান রাতে বলেন, এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।