দুই শিশুকে হত্যার কথা স্বীকার করলেন রুবেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীর বড় বোনের ওপর ভয়ানক ক্ষুব্ধ ছিলেন রিকশাচালক রুবেল। আক্রোশ মেটাতে বড় বোনের দুই শিশুপুত্রকে হত্যা করেন তিনি। এরপর গতকাল বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা বলেন রুবেল। এই হত্যাকাণ্ডের পর বছর খানেক পালিয়ে বেড়ালেন। গত মঙ্গলবার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

জবানবন্দিতে দেওয়া রুবেলের ভাষ্যমতে, সংসারের অভাব-অনটন কাটাতে ময়মনসিংহের গ্রাম থেকে ঢাকায় আসেন হেলেনা। তিনি রুবেলের স্ত্রীর বড় বোন। তাঁর দুই শিশুপুত্র নয় বছরের ওবায়দুল্লাহ খান আর পাঁচ বছরের নাজমুল হাসান। মধ্য বাড্ডায় ছোট্ট একটা ঘর ভাড়া নেন হেলেনা। সেখানে এসে ঠাঁই নেন রুবেল ও তাঁর স্ত্রী। রুবেল রিকশা চালাতে শুরু করেন। তবে স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছিল না। প্রায়ই ঝগড়াঝাঁটি হতো। এতে খুব বিরক্ত হতেন হেলেনা। গত বছর মার্চের শেষ দিকে রুবেলকে স্ত্রীসহ বের করে দেন তিনি। এ ঘটনায় বেশ ক্ষুব্ধ হন রুবেল।
গত বছরের ৪ এপ্রিল যখন হেলেনা বাসায় ছিলেন না, তখন রুবেল ওই শিশু দুটিকে অপহরণ করে গাজীপুরে নিয়ে যান। গাজীপুর ন্যাশনাল পার্কের পুকুর পাড়ে দুই হাতে শিশু দুটিকে গলাটিপে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেন। এরপর থেকে পলাতক ছিলেন রুবেল। গত মঙ্গলবার চট্টগ্রাম থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল প্রথম আলোকে বলেন, শিশু দুটির মায়ের ওপর রাগ ছিল আসামি রুবেলের। তাই তাঁকে শিক্ষা দিতে দুটি শিশুকে নিজ হাতে গলাটিপে হত্যা করে লাশ গাজীপুরের ন্যাশনাল পার্কের পুকুরে ফেলে রেখে পালিয়ে যান। এ ঘটনায় শিশু দুটির পিতা সামছুল হক বাদী হয়ে বাড্ডা থানায় হত্যা মামলা করেন। এ মামলায় রুবেলকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। আদালতে শিশু দুটির হত্যার দায় তিনি স্বীকার করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত বছরের মার্চের শেষ দিকে শিশু দুটির খালা-খালুকে বের করে দেন হেলেনা। এর কয়েক দিন পর দুপুরে ঘরে ফিরে তিনি দেখেন, তাঁর ছেলেরা নেই। তখন তিনি খোঁজাখুঁজি করতে থাকেন। কোথাও না পেলে রুবেলকে ফোন দেন। কিন্তু ফোন ছিল বন্ধ। তাই তিনি রুবেলের মা-বাবার বাসা গাজীপুরের রাজেন্দ্রপুরে চলে যান। সেখানে গিয়ে রুবেলকে চেপে ধরেন। রুবেল তখন শিশু দুটির খবর জানেন না বলে জানান। এর দুই দিন পর গাজীপুরের ন্যাশনাল পার্কের পুকুরে ওই দুই শিশুর লাশ ভেসে ওঠে। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।