দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা!
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় দুই শিশুকন্যাকে হত্যার পর মা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ রোববার বিকেলে এ ঘটনার পর সন্ধ্যার দিকে পুলিশ তিনজনের লাশ উদ্ধার করে।
নিহত তিনজন হলেন মা নাজমুন নাহার (২৮) এবং দুই কন্যা মাইশা আক্তার (২) ও মাহিয়া আক্তার (আট মাস)।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার হারজী নলবুনিয়া গ্রামের বাহার আলী খানের ছেলে মনিরুজ্জামান খানের সঙ্গে ধানীসাফা গ্রামের আবদুর রব তালুকদারের মেয়ে নাজমুন নাহারের বিয়ে হয় তিন বছর আগে। বিয়ের পর দুটি কন্যাশিশু জন্ম নেওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। সম্প্রতি ওই দম্পতির মধ্যে কলহ দেখা দিলে নাজমুন নাহারের বাবা আবদুর রব বিষয়টি মীমাংসা করে দেন। স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুজ্জামান রোববার সকালে স্ত্রী নাজমুন নাহার ও দুই শিশুকন্যাকে রেখে বিদ্যালয়ে চলে যান। বিকেল চারটার দিকে বিদ্যালয় থেকে বাড়ি ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। এ সময় তিনি দরজা খোলার জন্য বললে কোনো সাড়া পাননি। পরে দরজা ভেঙে ভেতরে ঢোকেন। এরপর ঘরের মেঝেতে মা ও দুই শিশুকে পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পেয়ে স্থানীয় গ্রাম্য চিকিৎসক রিয়াজ এসে মা ও শিশুরা মৃত বলে জানান। এ ঘটনার পরপর মনিরুজ্জামান পালিয়ে যান।
নাজমুন নাহারের বাবা আবদুর রব তালুকদার বলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে কলহ ছিল। এ ছাড়া মেয়ে আমাকে জানিয়েছিল যে শিশু সন্তানকে লালনপালনে তাঁর (নাজমুন নাহার) নানা সমস্যা হচ্ছিল। দাম্পত্য কলহ ও সন্তান লালনপালনে সমস্যার কারণে মানসিক বিকারগ্রস্ত হয়ে নাজমুন নাহার সন্তানদের হত্যা করে আত্মহত্যা করে থাকতে পারে।’
মনিরুজ্জামান খান পলাতক থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে, সন্তানদের বিষপান করিয়ে হত্যার পর মা–ও বিষপানে আত্মহত্যা করেছেন। নিহত তিনজনের মুখে কীটনাশকের গন্ধ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ওসি জানান, লাশ তিনটি থানায় রয়েছে। সোমবার ময়নাতদন্তের জন্য তা পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হবে।