দুই শিশুর গয়নার ক্রেতা স্বর্ণালংকার ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে হত্যাকাণ্ডের শিকার শিশু সুমাইয়া খাতুন ও মেহজাবিন আক্তারের স্বর্ণালংকার যে দোকানে বিক্রি করা হয়েছিল, তার মালিককে গত বুধবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতিবেশী লাকী আক্তার শিশু দুটিকে হত্যা করার পর তাদের একজনের গলার সোনার চেইন এবং দুজনের কানের দুল ২১ হাজার টাকায় মিজানুর রহমান ওরফে পলাশ (৩০) নামে ওই অলংকার ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।
মিজানুর রহমানের স্বর্ণালংকারের দোকানের নাম স্মৃতি জুয়েলার্স। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটী আঙ্গারিয়াপাড়ার রফিকুল ইসলামের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম বলেন, মিজানুরকে গ্রেপ্তারের পাশাপাশি ১২ আনা ওজনের অলংকারও উদ্ধার করা হয়েছে। তবে সেগুলো ইতিমধ্যে গলিয়ে পিণ্ড করা হয়েছে।
ওসি মাযহারুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অলংকারগুলো লাকী আক্তারের কাছ থেকে কেনার কথা স্বীকার করেছেন মিজানুর। লাকী আক্তারের শ্বশুর ইয়াসিন আলী পুলিশকে গতকাল পর্যন্ত কিছু বলেননি এবং ঘটনায় শাশুড়ি তানজিলা বেগমের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। ওসি বলেন, মিজানুরকে গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতে উপস্থাপন করা হয়েছে।
এদিকে নিহত সুমাইয়ার বাবা মিলন রানা ও চাচা মো. রিপন গতকাল সকালে দুবাই থেকে ফেরার পর সদর হাসপাতাল মর্গের হিমঘর থেকে লাশ বাড়ি নিয়ে আসা হয়। দুপুরে নামোশংকরবাটী ডিহিপাড়া কবরস্থানে জানাজার পর সুমাইয়াকে দাফন করা হয়। জানাজায় হাজারো মানুষের ঢল নামে। জানাজার আগে কাঁদতে কাঁদতে মিলন রানা বলেন, ‘কীভাবে সান্ত্বনা দেবেন আমাকে? সামান্য ১০-২০ হাজার টাকার জন্য দুই মা, দুই বাবার কোল খালি করল! আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার মেয়ে হত্যার যেন সুষ্ঠু বিচার হয়।’
গত রোববার স্কুল থেকে বাড়ি ফিরে বাইরে খেলতে গিয়ে নিখোঁজ হয় সুমাইয়া (৭) ও মেহজাবিন (৬)। মঙ্গলবার বিকেলে প্রতিবেশী ভ্যানচালক ইয়াসিন আলীর বাড়ি থেকে তাদের বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। ইয়াসিনের ছেলের বউ লাকী আক্তারের মেয়ে ইমন ছিল সুমাইয়া ও মেহজাবিনের সহপাঠী আর খেলার সঙ্গী।