দুই শিশুর নামে রেজিস্ট্রি করা জমি দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের হানুরবারাদী গ্রামের আসানুর রহমানের দুই নাবালক ছেলের নামে রেজিস্ট্রি করা জমি দখল করে ঘরবাড়ি তুলছেন প্রতিবেশী মিরাজুল ইসলাম। এ ঘটনায় বাধা দেওয়ায় দুই পরিবারের মধ্যে এক দফা সংঘর্ষের ঘটনাও ঘটেছে। দ্রুত বিষয়টির নিষ্পত্তি না হলে আবারও সংঘর্ষ হতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন।
এ ঘটনায় আসানুরের স্ত্রী ফজিলা খাতুন গত বৃহস্পতিবার সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে, তাঁর দুই ছেলে আরাফাত (১৬) ও ফরহাদের (১০) নামে পাঁচ শতক জমি প্রতিবেশী মিরাজুল ইসলাম জোর করে দখলে নিয়ে ঘরবাড়ি তৈরি করছেন। নির্মাণকাজে বাধা দেওয়ায় মিরাজুল ও তাঁর পরিবারের সদস্যরা ফজিলাকে শ্লীলতাহানি ও তাঁর শাশুড়ি ডালিম নেছাকে মারধর করেছে।
গত শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, ওই জমিতে তিন নির্মাণশ্রমিক ইটের দেয়াল তৈরি করছেন। পাশে ইট, সিমেন্ট ও বালুর স্তূপ করে রাখা হয়েছে। মিরাজুল সেখানে দাঁড়িয়ে কাজের তদারকি করছেন।
অবৈধ দখলের অভিযোগ অস্বীকার করে মিরাজুল জানান, জমির মালিকের প্রতারণার কারণে জনপ্রতিনিধিদের পরামর্শে তিনি সেখানে বাড়ি তৈরি করছেন। তিনি বলেন, ‘প্রতিবেশী আসানুর তাঁর ছেলেদের পাঁচ শতক জমি অভিভাবক হিসেবে বিক্রির ঘোষণা দেন। আমি কিনতে রাজি হয়ে ২০১৩ সালের ২০ সেপ্টেম্বর নগদ এক লাখ ২০ হাজার টাকা দিয়ে বায়না দলিল সম্পাদন করি। কিন্তু বায়না করার দীর্ঘ এক বছর পার হলেও আসানুর জমি রেজিস্ট্রি করে দিচ্ছেন না। বিষয়টি নিয়ে গ্রামে একাধিকবার সালিস বৈঠক হয়েছে। জনপ্রতিনিধিদের পরামর্শে পাকা ঘর তৈরির কাজ শুরু করেছি।’
তবে শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল কালাম জানান, মিরাজুলকে বাড়ি তৈরির অনুমতি দেওয়ার বিষয়টি সঠিক নয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী বলেন, অভিযোগ তদন্তে থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।