দুই শিশুর মৃত্যুতে চিকিৎসক-কর্মচারীদের মারধর
চাঁদপুরের হাজীগঞ্জে দায়িত্বে অবহেলার অভিযোগ এনে স্বাস্থ্য কমপ্লেক্সের ১১ জন চিকিৎসক-কর্মচারীকে মারধর করেছেন রোগীর স্বজনেরা। তাঁরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর চালিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদুল ইসলাম পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ মজুমদার, পৌর মেয়র আ স ম মাহবুব-উল-আলম, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) আশরাফুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করে।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় হাজীগঞ্জ পৌরসভাধীন এনায়েতপুর গ্রাম থেকে পুকুরে পড়া দুটি শিশু স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আসে। জরুরি বিভাগে চিকিৎসক সুলতানা রাজিয়া শিশু দুটিকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। শিশু দুটি এনায়েতপুর গ্রামের কামাল হোসেনের ছেলে মো. জিহাদ (৫) ও মোস্তফা কামালের ছেলে শাওন (৪)। তারা আপন চাচাতো ভাই।
চিকিৎসক মৃত ঘোষণার পর অভিভাবকেরা বাচ্চা দুটিকে নিয়ে জরুরি বিভাগ থেকে বের হয়ে হাসপাতাল ফটক পর্যন্ত যান। সেখানে একটি বাচ্চার মুখ দিয়ে বমি বের হয়। এ কারণে বাচ্চা দুটিকে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসকের অবহেলার অভিযোগ এনে রোগীর স্বজন ও স্থানীয় কয়েক ব্যক্তি চিকিৎসক-কর্মচারীদের মারধর করেন। হামলাকারীরা জরুরি বিভাগের দুটি জানালা ভাঙচুর করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের ইসিজি মেশিন নিয়ে যান। তাঁদের মারধরের কারণে চিকিৎসক ও রোগীরা ছোটাছুটি শুরু করেন।
হামলায় আহত ব্যক্তিরা হলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সাইফুল ইসলামসহ ১১ জন আহত হন।
স্বাস্থ্য কর্মকর্তা আলী নুর বলেন, ‘শিশু দুটি হাসপাতালে আনার ঘণ্টা খানেক আগেই মারা গেছে। চিকিৎসক অভিভাবকদের মৃতদেহ বুঝিয়ে দিয়েছেন। পরে হাসপাতালের ফটকে একটি বাচ্চার মুখ থেকে পানি বের হয়। তখন তাঁরা জীবিত বাচ্চাকে সঠিক চিকিৎসা না দেওয়ার অভিযোগ এনে চিকিৎসক-কর্মচারীদের ওপর চড়াও হন। আমার চিকিৎসকদের রক্ষা করতে গেলে তাঁরা আমার ওপরও হামলা করেন।’ তিনি জানান, হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজে হামলাকারীদের দৃশ্য রয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য থানায় মামলা করা হবে। হাসপাতালের প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে।
শিশু জিহাদের অভিভাবক কামাল হোসেন বলেন, ‘ঘটনার জন্য স্বাস্থ্য কর্মকর্তার পা ধরে মাফ চেয়েছি। গ্রাম থেকে আসা কয়েকজন ব্যক্তি স্থানীয় লোকজনের সঙ্গে জড়ো হয়ে না বুঝে ঘটনা ঘটিয়েছেন।’
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মজিবুর রহমান নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অভিযোগ দেওয়া হলে মামলা নেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।