দুই শিশুর শরীর থেকে তখনো রক্ত ঝরছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোববার বিকেলে বাড়ির উঠানে খেলছিল দুই ভাই মোহাম্মদ শাকিল (১০) ও মোহাম্মদ কাজল (৯)। খেলতে থাকা অবস্থায় তাদের তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা, দাবি করে মুক্তিপণের। মঙ্গলবার রাত ১২টায় পুলিশ যখন দুই ভাইয়ের লাশ উদ্ধার করে, তখনো তাদের মুখ-কান থেকে রক্ত ঝরছিল।
লাশ দুটি কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামের একটি ফলের বাগানে পাওয়া যায়। এ ঘটনায় পুলিশ নয়জনকে গ্রেপ্তার করেছে। হত্যাকাণ্ডের খবরে ক্ষুব্ধ জনতা গতকাল বুধবার সকালে গ্রেপ্তার চারজনের বাড়িতে অগ্নিসংযোগ করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রোববার কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামের বাড়ির আঙিনা থেকে শাকিল ও কাজলকে অপহরণ করা হয়। শাকিল বাইশারী শাহনূর উদ্দিন দাখিল মাদ্রাসা এবং কাজল নারিজবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। তাদের বাবা মো. ফোরকান বাইশারী বাজারের একটি দোকানে চাকরি করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত ১১টার দিকে স্থানীয় লোকজনকে নিয়ে পুলিশ বড়বিল জঙ্গলে উদ্ধার অভিযান শুরু করলে দুর্বৃত্তরা বিপাকে পড়ে। একপর্যায়ে তারা অপহৃত দুই শিশুকে হত্যা করে পালিয়ে যায়। রাত ১২টার দিকে পুলিশ বড়বিল গ্রামের একটি ফলের বাগান থেকে শিশু দুটির লাশ উদ্ধার করে। ওই সময় শিশু দুটির মুখ ও কান থেকে রক্ত ঝরছিল। ময়নাতদন্তের জন্য গতকাল লাশ দুটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শিশু দুটির বাবা মো. ফোরকান বলেন, তাঁর দুই সন্তানকে অপহরণের পর দুর্বৃত্তরা মুঠোফোনে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে। কিন্তু তাঁর কাছে এত টাকা ছিল না। তাই তিনি দুর্বৃত্তদের দাবি অনুযায়ী মুক্তিপণ দিয়ে ছেলেদের ছাড়িয়ে আনতে পারেননি।
রামু থানার পরিদর্শক (তদন্ত) মো. কায়কিসলু প্রথম আলোকে বলেন, মুক্তিপণের জন্য ডাকাতেরা পরিকল্পিতভাবে দুই শিশুকে অপহরণ করে। কিন্তু মুক্তিপণ না পেয়ে তারা শিশু দুটিকে গলা টিপে হত্যা করে। তিনি বলেন, দুই শিশুকে অপহরণের পর থেকে পুলিশ রামুর বড়বিল, থিমছড়ি, বাইশারী, ঈদগড় জঙ্গলে অভিযান চালায়।
হত্যাকাণ্ডের ঘটনায় মঙ্গলবার রাতে মো. ফোরকান আটজনের নাম উল্লেখ করে রামু থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়। পুলিশ এজাহারভুক্ত আটজনসহ স্থানীয় নয় ব্যক্তিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার গর্জনিয়া ও বড়বিল গ্রামের ইমাম আলী, জাহাঙ্গীর আলম, আবদুল শুক্কুর, মো. ইউনুস, রাশেদা বেগম, লায়লা বেগম, আলমগীর হোসেন, ফাতেমা খাতুন ও রোমান উদ্দিন ওরফে নোমান।
রামু থানার পরিদর্শক (তদন্ত) মো. কায়কিসলু বলেন, দুই শিশুর হত্যাকাণ্ডের খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। গতকাল সকালে ক্ষুব্ধ জনতা গ্রেপ্তার ইমাম আলী, আবদুল শুক্কুর, মো. ইউনুস ও আলমগীর হোসেনের বসতঘরে অগ্নিসংযোগ করে।
পুলিশ জানায়, গ্রেপ্তার আবদুল শুক্কুর একটি হত্যা মামলার পলাতক আসামি। গ্রেপ্তার অন্য আটজনের বিরুদ্ধে রামু ও নাইক্ষ্যংছড়ি থানায় বিভিন্ন অভিযোগে মামলা আছে। গ্রেপ্তার নয়জনকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।