জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক নেতা খাবারের দোকানের দুই শিশুশ্রমিককে বেধড়ক পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত ১০টার দিকে ক্যাম্পাসের বটতলায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী হল (সম্প্রসারিত ভবন) শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক শাহরিয়ার আবুল খায়ের তাঁর বান্ধবীকে নিয়ে বটতলার একটি দোকানে খেতে যান। একপর্যায়ে তিনি দোকানের শ্রমিক ফয়সালকে (১৩) পাশের একটি দোকান থেকে কোমল পানীয় আনতে পাঠান। কিন্তু দোকান বন্ধ থাকায় ফয়সাল ফিরে আসে। এতে ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ করেন শাহরিয়ার। এরপর তিনি দোকানের অপর শ্রমিক নূর হোসেনকে (১৪) পাঠান। সেও খালি হাতে ফিরে আসে। এতে ক্ষিপ্ত হয়ে তাকেও গালিগালাজ করেন শাহরিয়ার। খাওয়া শেষ করে দোকানের সামনে রাখা জ্বালানি কাঠের টুকরো দিয়ে তিনি ফয়সাল ও নূরকে বেধড়ক মারধর করেন। শাহরিয়ার ভূগোল ও পরিবেশ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
এ অবস্থা দেখে আশপাশে থাকা শিক্ষার্থীরা ফয়সাল ও নূরকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে জানতে শাহরিয়ারের মুঠোফোনে ফোন করা হলে তিনি মারধরের কথা স্বীকার করে বলেন, মানসিকভাবে বিপর্যস্ত থাকায় এ ঘটনা ঘটেছে।
সহকারী প্রক্টর সিকদার মো. জুলকারনাইন বলেন, এ ধরনের ঘটনা দুঃখজনক। এ বিষয়ে খোঁজ নিয়ে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।