দুই শিশুসন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যা
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ ব্যাপারীপাড়া গ্রামে ছেলে ও মেয়েকে কীটনাশক পান করিয়ে একইভাবে রহিমা আক্তার (২৮) নামের এক মা আত্মহত্যা করেছেন। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। রহিমা ওই গ্রামের রহিম উদ্দিনের স্ত্রী।
পুলিশ এবং রহিমার স্বজনেরা জানান, দাম্পত্য কলহের জের ধরে স্বামীর সঙ্গে অভিমান করে রহিমা সন্তানদের বিষপান করিয়ে নিজেও বিষপান করেন। দুই সন্তান মেঘলা আক্তার (৮) ও আকাশ হোসেনকে (৫) মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ, স্থানীয় সূত্র ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ১২ বছর আগে রহিম ও রহিমার বিয়ে হয়। রহিম রাজমিস্ত্রির কাজ করেন। গত বুধবার রাতে তাঁদের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনায় অভিমান করে বৃহস্পতিবার রাত নয়টার দিকে কাশির ওষুধের কথা বলে ছেলে ও মেয়েকে বিষপান করান রহিমা। এরপর নিজে তা পান করেন। এ সময় রহিম বাড়িতে ছিলেন না। কিছুক্ষণ পর যন্ত্রণায় ছেলেমেয়েরা চিৎকার করলে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা তাদের তিনজনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রহিমাকে মৃত ঘোষণা করেন। রাত ১১টার দিকে মেঘলা ও আকাশকে মানিকগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবদুল মালেক খান বলেন, শিশু দুটি এখন শঙ্কামুক্ত।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, ওই নারীর লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহত রহিমার স্বজনদের লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।