দুই শিশুসন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়ার এক মা তাঁর দুই শিশুসন্তানকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। আশঙ্কাজনক অবস্থায় মা রেহেনা আক্তারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল বুধবার ভোরে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের আমতলী গ্রামের এনায়েতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো মরিয়ম সুলতানা (৭) ও মো. ইয়াছিন (২। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
শিশুদের বাবা হুমায়ুন কবির নৈশপ্রহরীর কাজ করেন। তিনি জানান, গতকাল ভোরে ঘরে ঢুকে দেখেন তাঁর স্ত্রী রেহেনা ধান কাটার কাঁচি হাতে দাঁড়িয়ে রয়েছে। কাঁচিটি ছিনিয়ে নিতে চেষ্টা করলে দেখতে পান তাঁর স্ত্রীর শরীরে রক্ত। শোবার ঘরে গিয়ে দেখেতে পান, দুই শিশুর রক্তাক্ত দেহ বিছানায় পড়ে রয়েছে। এর মধ্যে রেহেনা ঘর থেকে বের হয়ে যায়। পাশের ঘরে ঢুকে গলায় কাঁচি দিয়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করে।
আশপাশের বাড়ির লোকজন জানান, এনজিও থেকে নেওয়া ঋণের টাকা নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ চলছিল। আর্থিক অনটনের কারণে রেহেনা আক্তার হতাশায় ভুগছিলেন বলে প্রতিবেশীরা জানিয়েছেন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান জানান, অভাব-অনটন থেকে এ ঘটনা ঘটতে পারে। এ নিয়ে তদন্ত চলছে।