দুই শিশুসন্তানকে 'বিষ খাইয়ে' বাবার আত্মহত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগঞ্জে দুই শিশুসন্তানকে বিষ খাইয়ে আবেদ আলী (৩২) নামের এক বাবা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে উপজেলার বড় আলমপুর ইউিনয়নের খষ্টি গ্রামে এ ঘটনা ঘটে।
আবেদ আলীর দুই সন্তানের মধ্যে শিশু অনা বেগম (৭) গতকাল রোববার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। ছেলে আপনের (৭) অবস্থাও আশঙ্কাজনক।
পুলিশ ও আবেদ আলীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, আবেদ ঢাকায় রিকশা চালাতেন। গত শুক্রবার তিনি ঢাকা থেকে বাড়িতে আসেন। বাড়িতে এসে স্ত্রী-সন্তানদের দেখতে না পেয়ে শনিবার সন্ধ্যায় তিনি একই উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে যান। সেখান থেকে রাতে দুই সন্তানকে নিয়ে বাড়িতে ফেরেন। তবে আবেদের স্ত্রী তাঁদের সঙ্গে আসেননি। ওই রাতেই আবেদকে ঘরের আড়ায় বাঁধা রশিতে ঝুলন্ত পাওয়া যায়। দুই সন্তানকে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, বাবা আবেদ আলী তাদের বিস্কুটের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়েছিলেন।
গুরুতর অবস্থায় শিশু অনা ও আপনকে পরিবারের অন্য সদস্য ও স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে গতকাল সকালে অনা মারা যায়। আপনের অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
খবর পেয়ে গতকাল সকালে আবেদের স্ত্রী ওয়ালেদা বেগম স্বামীর বাড়িতে ছুটে আসেন। স্বামী-সন্তানকে হারিয়ে তিনি বাক্রুদ্ধ হয়ে পড়েন। সংসারে অভাব-অনটনসহ বিভিন্ন কারণে আবেদ আলী কিছুটা অপ্রকৃতিস্থ হয়ে পড়ায় এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে পরিবার, এলাকাবাসী ও পুলিশ ধারণা করছে।
আবেদ আলীর বাবা আবদুল মান্নান বলেন, ‘শনিবার বউ ছাওয়াক আনতে যায় আবেদ। বউ না আসলেও ছাওয়া দুইটা নিয়া আইসে। তারপর কী যে ঘটি গেল।’
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন বলেন, এ ঘটনায় পীরগঞ্জ থানায় অপমৃত্যু মামলা হয়েছে। আবেদ ও তাঁর মেয়ের লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।