দুই শিশুসহ চারজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলা ও সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় দুটি শিশু খুন হয়েছে। ফরিদপুরের সদরপুর উপজেলায় এক ব্যক্তি এবং পিরোজপুরের কাউখালী উপজেলায় আরেক তরুণকে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার লাশ চারটি উদ্ধার করেছে পুলিশ।

রাজবাড়ীতে নিহত শিশুর নাম রাব্বী শেখ (১৩)। সে নতুন বাজার এলাকার মোহাম্মদ হোসেন সরদারের ছেলে। সদরপুরে উদ্ধার করা লাশটি আলীম আকন্দ (৩৬) নামের এক ব্যক্তির। তাঁর বাড়ি খাঁ গ্রামে। কাউখালীতে নিহত তরুণের নাম মিরাজুল ইসলাম (১৭)। সে শিয়ালকাঠি গ্রামের হাবিবুর রহমানের ছেলে। কালীগঞ্জে উদ্ধার করা শিশুটির পরিচয় পাওয়া যায়নি। তার বয়স ৪-৫ মাস।

আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

রাজবাড়ী: নিহত শিশুর পরিবার, স্থানীয় বাসিন্দা ও থানা-পুলিশ সূত্র জানায়, রাব্বী শেখ মরডাঙ্গা গ্রামে নানার বাড়ি থাকত। শুক্রবার বিকেলে সে ফুফুর বাড়ির উদ্দেশে রওনা দেয়। সেখানে না যাওয়ায় অন্য আত্মীয়স্বজনের বাড়িতে তার খোঁজ করা হয়। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে একই গ্রামের ফাতেমা বেগম পুকুরে শিশুর লাশ ভাসতে দেখে লোকজনকে জানান। পরনের জামা-কাপড় দেখে রাব্বীর পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করে।

রাব্বীর মামা খোকন মল্লিক বলেন, শুক্রবার বিকেলে দোকানে ক্যারাম খেলা নিয়ে স্থানীয় রিয়াজ (১৭) নামের এক তরুণের সঙ্গে রাব্বীর তর্কবিতর্ক হয়। এ সময় রিয়াজ তাকে থাপ্পড় দেয়। লাশ উদ্ধারের পর থেকে রিয়াজকে এলাকায় দেখা যাচ্ছে না।

রিয়াজের মা রুমা বেগম বলেন, রিয়াজ ঢাকায় দরজির দোকানে কাজ করে। ছুটি শেষ হওয়ায় সে ঢাকা চলে গেছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার মিয়া বলেন, ধারণা করা হচ্ছে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

ফরিদপুর: ঢেউখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কোহিনূর বেগম বলেন, শুক্রবার আলীম আকন্দ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। গতকাল বেলা ১১টার দিকে এলাকাবাসী তাঁর গলাকাটা লাশ ভুবনেশ্বর নদে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সদরপুর থানার উপপরিদর্শক (এসআই) সোহেল মোল্লা বলেন, ধারণা করা হচ্ছে শুক্রবারই ধারালো অস্ত্র দিয়ে ওই ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পিরোজপুর: পরিবার ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার মিরাজুল ইসলাম বোনের বাড়িতে বেড়াতে যায়। রোববার দুপুরে সে বোনের বাড়ি থেকে বের হলেও বাড়িতে ফেরেনি। গতকাল দুপুরে শিয়ালকাঠি গ্রামের নিরু কাজীর কলাবাগানে এক ব্যক্তি মিরাজুলের লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

কাউখালী থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, গলায় ফাঁস লাগানো অবস্থায় মিরাজুলের মরদেহ মাটিতে পড়ে ছিল। লাশের পাশে একটি আমড়াগাছের সঙ্গে রশি বাঁধা ছিল। লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

সাতক্ষীরা: প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ সূত্র জানায়, বিকেল সাড়ে পাঁচটার দিকে এলাকাবাসী দুলাবালা গ্রামের অশোক পাত্রের চিংড়ি ঘেরে একটি শিশুর লাশ ভাসতে দেখেন। বিষয়টি কালীগঞ্জ থানায় জানানো হলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

কালীগঞ্জ থানার এসআই তরিকুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, শিশুটির বয়স ৪-৫ মাস। আজ মঙ্গলবার লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

একজন নিখোঁজ: বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি জানান, বাউফলের কর্পূরকাঠি গ্রামের বাসিন্দা ও পল্লি চিকিৎসক অশোক চন্দ্র মিস্ত্রি (৪২) শনিবার রাত সাড়ে নয়টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এ ঘটনায় তাঁর ছোট ভাই রিপন চন্দ্র মিস্ত্রি রোববার রাতে বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অশোকের স্ত্রী নূপুর মিস্ত্রি জানান, তাঁর স্বামীর সঙ্গে কারও বিরোধ নেই।

বাউফল থানার পরিদর্শক (তদন্ত) সাইদুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।