দুই শিশুসহ চারজন খুন, একজনের আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল, ফরিদপুর ও যশোরের কেশবপুর উপজেলায় গত দুই দিনে দুই শিশুসহ চারজন খুন হয়েছে। এর মধ্যে এক শিশুকে কুপিয়ে হত্যার পর এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বরিশাল নগরের কাউনিয়া এলাকায় শিশু শ্যালিকাকে হত্যার পর স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করেন মো. সজীব (২৯) নামের এক ভ্যানচালক। পরে তিনি আত্মহত্যা করেন। তাঁর স্ত্রী সুমাইয়া বেগমকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে কাউনিয়া পুরানপাড়া স্কুল এলাকায় এ ঘটনা ঘটে। সুমাইয়া বরিশাল টেক্সটাইল মিলের শ্রমিক। নিহত শিশুটির নাম সাদিয়া আক্তার (৬)।

সজীবের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার উত্তর ধামুরা এলাকায়। তাঁর শ্বশুরবাড়িও একই গ্রামে। তিনি সপরিবারে কাউনিয়া পুরানপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

আহত সুমাইয়া বলেন, বৃহস্পতিবার রাতের খাওয়ার পর তাঁদের দুই বোনকে ঘরের বাইরে ডেকে আনেন সজীব। পারিবারিক বিষয় নিয়ে বাদানুবাদে লিপ্ত হন। একপর্যায়ে সুমাইয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। এ সময় বোনকে বাঁচাতে সাদিয়া এগিয়ে গেলে তাঁকে কুপিয়ে হত্যা করেন সজীব। সাদিয়ার লাশ পুকুরে ফেলে দিয়ে সজীব গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বলেন, গৃহবধূ সুমাইয়ার দেওয়া বক্তব্য অনুযায়ী তদন্ত শুরু হয়েছে।

এদিকে ফরিদপুরে ৩৫ টাকা চুরির অভিযোগে হীরা (১০) নামের এক স্কুলছাত্রীকে তার বাবা পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে মধুখালী উপজেলার লক্ষ্মণদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। হীরা স্থানীয় ভূষণা লক্ষ্মণদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। তার বাবার নাম হারুন শেখ (৩৫)। তিনি ভ্যানচালক। এ ঘটনায় হীরার নানা লিয়াকত শেখ বাদী হয়ে মধুখালী থানায় মামলা করেছেন। হারুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মধুখালী থানার ওসি মো. রুহুল আমিন বলেন, হীরার লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে ফরিদপুরের সদরপুরে একটি পাটখেত থেকে আবুল কালাম শিকারি (৩৫) নামের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার নয়াকান্দি গ্রামে। তিনি ঢাকায় রিকশা চালাতেন এবং পাশাপাশি কাঠমিস্ত্রির কাজ করতেন। গতকাল বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।

কালামের ছেলে ফয়সাল বলে, গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে তাঁর বাবা বাড়ি থেকে বের হন। গতকাল সকাল সাতটার দিকে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে ওই পাটখেতের আলের ওপর তাঁর লাশ পাওয়া যায়। তিনি কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেনের করা একটি মামলার আসামি ছিলেন। তবে তিনি জামিনে মুক্ত ছিলেন।

সদরপুর থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত গোলদার বলেন, অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা হয়েছে।

এদিকে যশোরের কেশবপুর উপজেলায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪০) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল সাড়ে সাতটার দিকে যশোর-সাতক্ষীরা সড়কের কোদরপুর এলাকায় লাশটি পাওয়া যায়।

কেশবপুর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ধারণা করা হচ্ছে, দুই দল সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধে ওই ব্যক্তি নিহত হন।

লাশ উদ্ধার: আমাদের গোপালগঞ্জ সংবাদদাতা জানিয়েছেন, গোপালগঞ্জ শহরের হিসাম আবাসিক হোটেলের শৌচাগারের দরজা ভেঙে মনোজ জয়ধর (৪৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। তাঁর বাড়ি কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ী গ্রামে। তিনি পটুয়াখালী শহরে স্টুডিওর ব্যবসা করতেন। ব্যবসায়িক কাজে তিনি মাঝেমধ্যেই গোপালগঞ্জে এসে ওই হোটেলে থাকতেন।

{প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন ফরিদপুর ও বরিশাল অফিস এবং কেশবপুর (যশোর) প্রতিনিধি}