বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের দুই সংবাদকর্মীকে গতকাল বুধবার মারধর করেছেন নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগে আইডিয়া প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক আবদুল বারীর কক্ষে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার দুজন হলেন চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক জি এম মুস্তাফিজুল আলম ও ক্যামেরা পারসন রিপু আহমেদ। তাঁদের ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, মারধরের সময় উপ-প্রকল্প পরিচালক আবদুল বারী ও নিবন্ধন বিভাগের পরিচালক মোহসীন আলী উপস্থিত ছিলেন। কর্মকর্তা-কর্মচারীরা রিপুর ক্যামেরা ভেঙে ফেলেন এবং ক্যামেরার মেমোরি কার্ড খুলে নেন। মারধরে অংশ নেন নিবন্ধন বিভাগের কর্মকর্তা শরিফুল ইসলাম, মো. সাহাবুদ্দিন, কামাল উদ্দিন, আশিকুর রহমান, মো. সাখাওয়াত, মো. সায়েমসহ কয়েকজন কর্মচারী।
এ সময় নিবন্ধন বিভাগে অবস্থান করা নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ খবর পেয়ে ওই কক্ষে যান। তিনি নির্দেশ দেওয়ার পর ক্যামেরা ফেরত দিলেও মেমোরি কার্ড দেওয়া হয়নি। পরে শাহ নেওয়াজ সাংবাদিকদের বলেন, সাংবাদিককে দায়িত্ব পালনের সময় মারধর করা হবে, তা কোনোভাবে সহ্য করা হবে না। বিষয়টি প্রধান নির্বাচন কমিশনারকে জানানো হয়েছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিশন সচিবালয়ের সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে আবদুল বারীর কক্ষে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। মোবাইল ফোনে কল করলেও তিনি ফোন ধরেননি।
দুই সংবাদকর্মী ও প্রত্যক্ষদর্শীরা বলেছেন, নিবন্ধন বিভাগে সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে প্রতিবেদন তৈরি করতে সাংবাদিক মোস্তাফিজ ক্যামেরা পারসন রিপুকে নিয়ে গতকাল বেলা ১১টার পর নিবন্ধন বিভাগে যান। তাঁরা নিচতলায় জাতীয় পরিচয়পত্রের জন্য সারিতে দাঁড়িয়ে থাকা কয়েক শ মানুষের ছবি তোলার ও বক্তব্য নেওয়ার সময় সাখাওয়াত নামের একজন কর্মকর্তা এসে রিপুকে ছবি তুলতে বারণ করেন। তিনি বলেন, ‘কার অনুমতি নিয়ে ছবি তুলছেন?’ এ নিয়ে কথা-কাটাকাটি হলে সাখাওয়াতের নির্দেশে নিবন্ধন বিভাগের কর্মচারী ও আনসার সদস্যরা রিপুর ক্যামেরা কেড়ে নেন। রিপুর উদ্দেশে সাখাওয়াত বলেন, ‘ওপরে আয়।’ এরপর কর্মকর্তা-কর্মচারীরা রিপুকে ধাক্কাতে ধাক্কাতে সাততলায় নিয়ে যান। তাঁদের পিছু পিছু ছুটে যান মোস্তাফিজ। সাততলায় কর্মকর্তা-কর্মচারীরা দুই সংবাদকর্মীকে উপস্থিত শতাধিক মানুষের সামনে টেনেহিঁচড়ে আইডেন্টিফিকেশন সিস্টেম ফর অ্যানহেন্সিং অ্যাকসেস টু সার্ভিস (আইডিয়া) প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক আবদুল বারীর কার্যালয়ে নিয়ে মারধর শুরু করেন। এ সময় আবদুল বারী বলেন, ‘এদের পা ভেঙে দাও। পুলিশে দাও। মোবাইল ফোন নিয়ে নাও।’ এরপর যোগাযোগ কর্মকর্তা আশিক দুই সংবাদকর্মীর মোবাইল ফোন কেড়ে নেন। রিপুর ক্যামেরা ভেঙে ফেলা হয়। এ সময় নিবন্ধন বিভাগের পরিচালক মোহসীন আলী সেখানে উপস্থিত ছিলেন।
খবর পেয়ে নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ ওই কক্ষে যান। তিনি ক্যামেরা ফেরত দেওয়ার নির্দেশ দেন। ক্যামেরা ফেরত দেওয়ার পর রিপু সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনারকে বলেন, ক্যামেরার মেমোরি কার্ড খুলে রেখে দেওয়া হয়েছে।
ঘটনার পর পুলিশ ও র্যাব সদস্যরা এসে সংবাদকর্মীদের কাছ থেকে ঘটনা জানেন।