দুই সড়কে বারবার নাশকতা
২০-দলীয় জোটের হরতাল-অবরোধে রাজশাহী নগর বাইপাস সড়ক ও রাজশাহী-নওগাঁ সড়কে বারবার নাশকতার ঘটনা ঘটছে। প্রায় প্রতিটি কর্মসূচিতেই সড়কে গাছ ফেলে পণ্যবাহী ট্রাকে পেট্রল ঢেলে আগুন দেওয়া ও পুলিশের ওপর হামলা হচ্ছে। এ অবস্থায় গত বুধবার থেকে বাইপাস সড়কটি বন্ধ করে দিয়েছে পুলিশ।
স্থানীয় লোকজন জানান, নগর বাইপাস সড়কটি পুঠিয়া উপজেলার বেলপুকুর থেকে রাজশাহী নগরের কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার দীর্ঘ। এই সড়কের মধ্যে বিশেষ করে নগরের আম চত্বর থেকে বেলপুকুর পর্যন্ত এলাকাটি বেশি ভয়াবহ হয়ে উঠেছে।
পুলিশ জানায়, বাইপাস সড়কের চকপড়া, নারিকেলবাড়িয়া, খড়খড়ি, পারিলা, নতুন বুধপাড়া, উজিরপুর, বামন শিখর, মল্লিকপুরসহ বিভিন্ন গ্রাম জামায়াত-শিবির নিয়ন্ত্রিত। এখানে আওয়ামী লীগের অবস্থান বেশ দুর্বল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিবির কর্মীরা রাজনীতির মাঠে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে স্থানীয় লোকজনের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক গড়ে তুলেছেন।
তা ছাড়া পুঠিয়া থানা থেকে বাইপাস সড়কের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার, বোয়ালিয়া থানা থেকে প্রায় ১২ কিলোমিটার ও মতিহার থানা থেকে প্রায় আট কিলোমিটার। এই সড়কটি রাজপাড়া ও শাহ মখদুম থানা থেকে অপেক্ষাকৃত কাছে হলেও পুলিশ আসার আগেই জামায়াত-শিবিরের কর্মীরা গাড়িতে আগুন লাগিয়ে পালিয়ে যান।
গত সোমবার রাতে র্যাব সদস্যরা এই সড়কের খড়খড়ি এলাকায় রাস্তার পাশ থেকে গাড়িতে হামলার প্রস্তুতি নেওয়ার সময় ৩২টি তাজা ককটেল, নয়টি হাঁসুয়া ও একটি রাম দা উদ্ধার করে। এর আগের দিন রাতেও তারা একটি কীটনাশকবাহী পিকআপ ভ্যানে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন।
২০১৩ সালের নভেম্বরে অবরোধ ও হরতালের সময় দুষ্কৃতকারীরা দুই প্লাটুন পুলিশকে চারদিক থেকে ঘিরে ফেলেছিল। খবর পেয়ে রাজশাহী শহর থেকে আরও দুই প্লাটুন পুলিশ ও একটি সাঁজোয়া গিয়ে তাদের উদ্ধার করে। ওই বছর ১৮ জুলাই ভোরে দুষ্কৃতকারীরা খড়খড়ি বাইপাস এলাকায় চারটি ট্রাকে ব্যাপক ভাঙচুর করে। এর আগে ২৭ জুন শিবির কর্মীরা আমবোঝাই ট্রাকে আগুন দেন।
রাজশাহী-নওগাঁ সড়কে দুর্বৃত্তদের অবস্থানের বিষয়ে পুলিশ জানায়, হরতাল-অবরোধে দিনে যান চালাচলের পাশাপাশি পুলিশেরও নিরাপত্তা ঝুঁকি থাকে। ২০১৩ সাল থেকে এই সড়কে কয়েক দফায় দিনের বেলায় পুলিশের গাড়িতে হামলা চালানো হয়েছে। এমনকি অস্ত্র কেড়ে নিয়ে পুলিশকে পেটানোর মতো ঘটনাও ঘটেছে। এ ছাড়া প্রায় প্রতিটি হরতাল-অবরোধের কর্মসূচিতেই যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকে আগুন দেওয়া হয়।
সবশেষ সোমবার এই সড়কের বিমানবন্দর এলাকায় একটি আলুবাহী ট্রাকে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। ৬ জানুয়ারি পুলিশের গাড়িতে হামলা চালিয়ে দুজন পুলিশ সদস্যের বন্দুক কেড়ে নিয়ে তাঁদের বেধড়ক পেটানো হয়। গত ২৯ ডিসেম্বর হরতালে সড়কের শালবাগান এলাকায় হরতালকারীরা নগরের বোয়ালিয়া জোনের সহকারী কমিশনারের গাড়ির কাচ ভাঙচুর করন। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। ২০১৩ সালের ১ এপ্রিল এই সড়কে জাহাঙ্গীর আলম নামের পুলিশের এক উপপরিদর্শকের অস্ত্র কেড়ে নিয়ে পিটিয়ে গুরুতর জখম করে হামলাকারীরা।
রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার (সদর) তানভীর হায়দার চৌধুরী বলেন, যানবাহনে আগুন দিয়েই দুর্বৃত্তরা পালিয়ে যাচ্ছে। এ কারণে তাদের আটক করা যাচ্ছে না। নিরাপত্তার জন্য বাইপাস সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে।