দুই সন্তানকে পুকুরে চুবিয়ে মারলেন বাবা!
ময়মনসিংহ সদর উপজেলার সুহিলা গ্রামের একটি পুকুর থেকে দুই ভাই-বোনের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, শিশু দুটিকে চুবিয়ে হত্যার কথা তাদের বাবা ওয়ালীউল্লাহ স্বীকার করেছেন। তাঁকে আটক করা হয়েছে।
ঘটনার শিকার হওয়া শিশু দুটির পরিবারের সদস্যদের ও এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, সুহিলা গ্রামের বাসিন্দা ওয়ালীউল্লাহ ও রোকসানা দম্পতির দুই সন্তান—ছয় বছর বয়সী মেয়ে ঐশী ও পাঁচ মাস বয়সী রোমান।
পুলিশ জানায়, গতকাল সোমবার দিবাগত রাতে ছেলে রোমানকে নিয়ে মা রোকসানা এক কক্ষে ঘুমান আর মেয়ে ঐশী দাদির ঘরে ঘুমায়। ওয়ালীউল্লাহ ঘুমান অন্য এক ঘরে। রাত আনুমানিক ১২টার দিকে ওয়ালীউল্লাহ প্রথমে স্ত্রীর ও পরে মায়ের ঘরে গিয়ে দুই সন্তানকে দেখতে না পেয়ে প্রতিবেশীদের নিয়ে নানা জায়গায় খোঁজাখুঁজি করে। পরে তাঁরা পুলিশকে খবর দেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, তাঁর নেতৃত্বে পুলিশের একটি দল টহল দিচ্ছিল। থানা থেকে তাঁদের ঘটনাস্থলে যেতে বলা হলে তাঁরা রাত আড়াইটার দিকে সুহিলা গ্রামে যান। একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে শিশু রোমানের লাশ ভেসে ওঠে। আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ ওই পুকুর থেকে ঐশীর লাশও উদ্ধার করে।
পুলিশ জানায়, গতকাল রাতে ও আজ সকালে এলাকার অনেকের সঙ্গে কথা বলে শিশুদের হত্যার কোনো কারণ না পেয়ে বাবা ওয়ালীউল্লাহকে জিজ্ঞাসাবাদ করা হয়। দাম্পত্য কলহের কারণে রোকসানা প্রায়ই বাবার বাড়িতে চলে যেতেন।
এসআই মোস্তাফিজুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ওয়ালীউল্লাহ স্বীকার করেন, দাম্পত্য কলহের কারণে তিনি দুই সন্তানকে পানিতে চুবিয়ে হত্যা করেছেন।