দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা!
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় দুই শিশু সন্তানকে বিষপানে হত্যার পর গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর তাঁর স্বামী পালিয়ে গেছেন। গতকাল রোববার বিকেলে হারজী নলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া তিনজন হলেন নাজমুন নাহার (২৮), তাঁর মেয়ে মাইশা আক্তার (২) ও মাহিয়া আক্তার (আট মাস)। তাঁর স্বামীর নাম মনিরুজ্জামান খান। তিনি সরোজিনী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, মৃত তিনজনের মুখে কীটনাশকের গন্ধ পাওয়া গেছে। লাশ আগামীকাল (আজ সোমবার) ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, তিন বছর আগে হারজী নলবুনিয়া গ্রামের মনিরুজ্জামান খানের সঙ্গে ধানীসাফা গ্রামের নাজমুন নাহারের বিয়ে হয়। দুটি মেয়ে জন্ম নেওয়ার পর তাঁদের মধ্যে কলহ শুরু হয়। সম্প্রতি নাজমুন নাহারের বাবা আবদুর রব এর মীমাংসা করে দেন। গতকাল সকালে নাজমুন নাহার ও দুই মেয়েকে বাড়ি রেখে মনিরুজ্জামান বিদ্যালয়ে যান। বিকেল চারটার দিকে বাড়ি ফিরে তিনি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। এ সময় দরজা খোলার জন্য চিৎকার দিয়ে সাড়া না পেয়ে তিনি দরজা ভেঙে ভেতরে ঢোকেন। এরপর ঘরের মেঝেয় স্ত্রী ও দুই মেয়েকে পড়ে থাকতে দেখেন। এরপর মনিরুজ্জামান পালিয়ে যান।