দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ছোট দিয়াবাড়ি এলাকার একটি বাসা থেকে আজ মঙ্গলবার দুপুরে মা ও তাঁর দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুই সন্তানকে হত্যার পর মা আত্মহত্যা করেছেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

এই তিনজন হলো আনিকা (২০‍), শিশু আবদুল্লাহ (৩) ও শামীমা (৫)।

আজ বেলা সাড়ে তিনটার দিকে ছোট দিয়াবাড়ির একটি বাসা থেকে মরদেহ তিনটি উদ্ধার করে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার (দারুস সালাম জোন) মামুন মোস্তাফা বলেন, দুই শিশুর মরদেহ বিছানার ওপর এবং মায়ের মরদেহ ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। আনিকার স্বামীর নাম শামীম হোসেন। স্বামী-স্ত্রী দুই সন্তানসহ দিয়াবাড়ির ওই ভাড়া বাসায় থাকতেন। যে ঘরে মরদেহ পাওয়া গেছে, তা ভেতর থেকে তালাবদ্ধ ছিল। ধারণা করা হচ্ছে, অভিমান করে আনিকা তাঁর দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন। শামীম দিয়াবাড়ি এলাকার এক সেলুনে কাজ করেন এবং তাঁর গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরে বলে তিনি জানান।