দুই সন্তানসহ স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় স্বামী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড়ভাকৈর গ্রামে দুই সন্তানসহ এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় গতকাল সোমবার নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা হয়েছে। মামলায় রুমেনা খাতুন নামের ওই নারীর স্বামী ফরিদ মিয়াসহ ছয়জনকে আসামি করা হয়েছে। ফরিদ মিয়াকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশ গতকাল হবিগঞ্জ আমলি আদালতে হাজির করে। শুনানি শেষে ফরিদ মিয়াকে কারাগারে প্রেরণের আদেশ দেন আদালত।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, বর্গাচাষি ফরিদ মিয়া স্ত্রী ও সন্তান নিয়ে নবীগঞ্জ উপজেলার বড়ভাকৈর গ্রামে নিজ বাড়িতে থাকতেন। রোববার সকালে ফরিদ মিয়ার স্ত্রী রুমেনা খাতুনের লাশ বাড়ির পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এলাকাবাসী। তাঁর দুই সন্তান মেয়ে মুসলিমা ও ছেলে মুসার মরদেহ পাওয়া যায় বাড়ির লাগোয়া একটি পুকুরে ভাসমান অবস্থায়। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে নবীগঞ্জ থানা-পুলিশ এসে লাশ তিনটি উদ্ধার করে।
রুমেনা খাতুনের চাচা বাদী হয়ে ফরিদ মিয়াসহ ছয়জনকে আসামি করে রোববার একটি হত্যা মামলা করেন। এ মামলার শুনানি শেষে আদালত গতকাল তাঁকে কারাগারে পাঠান।
আদালত প্রাঙ্গণে ফরিদ মিয়া প্রথম আলোকে জানান, তিনি স্ত্রী ও সন্তানদের হত্যা করেননি। শ্বশুরবাড়ির লোকজন তাঁকে ফাঁসানোর চেষ্টা করছেন।