ঝালকাঠির রাজাপুর উপজেলায় গতকাল শনিবার গলায় ফাঁস লাগিয়ে শিউলী বেগম (৩০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। এ সময় তিনি নিজের দুই শিশুসন্তানের গলায়ও ফাঁস লাগিয়ে দেন। তবে মেয়েসন্তানটি সৌভাগ্যক্রমে বেঁচে গেছে।
শিউলী বেগম রাজাপুর উপজেলার আঙ্গারিয়া গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী। তাঁর বাবার বাড়ি মঠবাড়িয়া উপজেলার তুষখালী গ্রামে।
পুলিশ ও পরিবার জানায়, শিউলী বেগমের স্বামী দেলোয়ার হোসেন ঢাকায় থাকেন। পেশায় বাসচালক দেলোয়ারের সঙ্গে গতকাল বেলা তিনটার দিকে মুঠোফোনে শিউলীর ঝগড়া হয়। এরপর শিউলী ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। পরে তিনি ঘরের আসবাবপত্র ভাঙচুর শুরু করেন। একপর্যায়ে বিকেল চারটার দিকে শিউলী তাঁর ছেলে মো. ইউসুফ (৪) ও মেয়ে চাঁদনী আক্তারের (৬) গলায় ওড়না পেঁচিয়ে ঘরের বৈদ্যুতিক পাখার সঙ্গে ফাঁস লাগিয়ে দেন। এরপর তিনি নিজের গলায়ও একইভাবে ফাঁস লাগান। ঘটনার সময় চাঁদনীর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন। তাঁরা ঘরের চালের টিন খুলে ভেতরে ঢুকে চাঁদনীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। তবে শিউলী ও ইউসুফকে তাঁরা মৃত অবস্থায় পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
চাঁদনী আক্তার বলে, মা শিউলী একটি টুলের ওপর দাঁড় করিয়ে প্রথমে তার (চাঁদনী) গলায় ওড়না দিয়ে ফাঁস লাগান। পরে ইউসুফেরও একইভাবে ফাঁস লাগান। এরপর শিউলী নিজের গলায় ফাঁস লাগিয়ে পা দিয়ে টুলটি ফেলে দেন। গলায় ফাঁস আটকে যেতে থাকলে সে মাকে জড়িয়ে ধরে চিৎকার শুরু করে।
দেলোয়ারের ভাই আবুল হোসেনের স্ত্রী শেফালি বেগম বলেন, শিউলী কিছুটা জেদি প্রকৃতির ছিলেন। তাঁর সঙ্গে দেলোয়ারের প্রায়ই মুঠোফোনে ঝগড়া হতো।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস বলেন, এ ঘটনায় ছেলে ইউসুফকে হত্যার অভিযোগে মা শিউলী বেগমের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। এ ছাড়া শিউলীর আত্মহত্যার ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রকিব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।