
ঝিনাইদহের কালীগঞ্জের দুই তরুণকে ঢাকায় চাকরি দেওয়ার কথা বলে ভারতে পাচার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এখন এক লাখ টাকা মুক্তিপণ চাওয়া হচ্ছে। দুই সন্তানকে ফেরত পেতে কান্নার শেষ নেই তাঁদের বিধবা মায়ের।
ঘটনার শিকার দুই তরুণের নাম নাজমুল কবির (১৮) ও সজীব আহম্মদ (১৬)। তাঁরা কালীগঞ্জ উপজেলার স্বরূপপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে।
৬ এপ্রিল বেলা ১১টার দিকে স্বরূপপুর গ্রামে ওই দুই তরুণের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁদের বিধবা মা নাছিমা খাতুন (৪২) মুঠোফোনে কথা বলছেন আর কাঁদছেন। কথা শেষ করে তিনি বলেন, সন্তান নাজমুল ও সজীবের সঙ্গেই কথা বলছিলেন। তাঁরা গোপনে কথা বলছিলেন। নাজমুল ও সজীব বাড়ি ফেরার জন্য প্রচুর কান্নাকাটি করছেন।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, গোলাম মোস্তফার তিন সন্তানের মধ্যে সবার বড় নাজমুল কবির। আরেক ছেলে সজীব আহম্মদের পাশাপাশি তমা (১০) নামে একটি মেয়ে আছে। তিন শতক জমির ওপর টিনের চালাঘর ছাড়া কোনো জায়গা-জমি নেই পরিবারটির। দিনমজুরি করে সংসার চালাতেন গোলাম মোস্তফা। চার বছর আগে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর বিপদে পড়ে পরিবারটি। তখন বড় ছেলে নাজমুল মোটরসাইকেল গ্যারেজে কাজ নেন। তাঁর সামান্য আয়ে চলছিল সংসার।
নাছিমা খাতুন বলেন, কষ্ট করে হলেও নাজমুলের আয় দিয়ে সংসার চলছিল। এ অবস্থায় একই গ্রামের মজিবর রহমানের ছেলে জসিম উদ্দিন (৩৮) নাজমুলকে ঢাকায় পোশাক কারখানায় মোটা বেতনের চাকরির প্রলোভন দেন। ছোট ভাই সজীবকেও সঙ্গে নিতে বলেন। একপর্যায়ে তাঁরা রাজি হয়ে যান।
দুই ভাইকে প্রায় সাত মাস আগে বাড়ি থেকে নিয়ে যান জসিম। যাওয়ার সময় গরু-ছাগল বিক্রি করে জসিমের হাতে ৭০ হাজার টাকা তুলে দেন নাছিমা। কিন্তু বাড়ি থেকে চলে যাওয়ার পর দুই ছেলের সঙ্গে আর যোগাযোগ করতে পারছিলেন না তিনি। চলতি মাসের শুরুতে দুই ছেলে ফোনে মায়ের সঙ্গে কথা বলেন।
নাজমুল ও সজীব মাকে বলেছেন, ঢাকায় নেওয়ার কথা বললেও জসিম আসলে তাঁদের ভারতে পাচার করেছেন। সেখানে তাঁদের ঠিকমতো খেতেও দেওয়া হচ্ছে না। মাঝেমধ্যেই মারধর করা হচ্ছে।
তবে জসিম উদ্দিন ও তাঁর পরিবারের সদস্যরা এসব অভিযোগ অস্বীকার করছেন। বাড়িতে গিয়ে কথা হয় জসিমের মা রাজিয়া খাতুনের সঙ্গে। একপর্যায়ে তিনি মুঠোফোনে জসিমের সঙ্গে কথা বলার ব্যবস্থা করেন। জসিম এ প্রতিবেদককে বলেন, নাজমুল ও সজীবকে ভারতে নেওয়ার কথা বলেই তিনি বাড়ি থেকে এনেছেন। ভারতে আসার পর তাঁরা কাজ না করে বাড়ি ফিরতে চাইছেন। কিন্তু ফিরে যেতে হলে টাকার প্রয়োজন। তা ছাড়া নাজমুল ও সজীব ভারতে আসার আগে তাঁর কাছ থেকে ৪০ হাজার টাকা ধার নিয়েছিলেন। তিনি এই টাকা চাইছেন, কোনো মুক্তিপণ নয়।
নাজমুল ও সজীবের মা নাছিমা খাতুন প্রথম আলোকে বলেন, যারা তাঁর ছেলেদের আটকে রেখেছে, তারা একটু দূরে গেলে গোপনে ফোন করছেন। কান্নাকাটি করে বলছেন, বাড়িতে ফিরবেন। কিন্তু টাকা ছাড়া তাঁদের ছাড়া হচ্ছে না। জসিম নিজেই মুঠোফোনে তাঁর কাছে এক লাখ টাকা দাবি করছেন। গ্রামে তাঁর বাড়িতে টাকা পৌঁছে দিতে বলেছেন। নাজমুল ও সজীবকে দ্রুত উদ্ধার না করা গেলে ‘খারাপ কিছু’ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিধবা এ নারী।
ছেলেদের কীভাবে উদ্ধার করবেন, তা বুঝে উঠতে পারছেন না নাছিমা। তবে তাঁর ভাই বাবলুর রহমান ৫ এপ্রিল একটি লিখিত অভিযোগ নিয়ে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে যান। ইউএনও তাঁকে থানায় যেতে বলেন। পরে থানায় গিয়ে অভিযোগ দেন তিনি।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনা শোনার পর তিনি জসিমের বাবা মজিবর রহমানকে ডেকেছিলেন। ছেলের সঙ্গে তাঁদের যোগাযোগও রয়েছে। নাজমুল ও সজীব যাতে দ্রুত বাড়ি ফিরতে পারেন, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।