দুই সন্দেহভাজন আটক, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজীতে মা-মেয়ের খুনের ঘটনায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। গত বুধবার রাতে ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নের পূর্ব বসিকপুর গ্রাম থেকে তাদের আটক করে পুলিশ। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল বৃহস্পতিবার অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ফুলগাজী থানায় মামলা করেছে পরিবার।

গতকাল দুপুরে ফেনী সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে মা-মেয়ের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বিকেলে পারিবারিক কবরস্থানে দুজনের লাশ দাফন করা হয়।

বুধবার রাতে তোশক প্যাঁচানো অবস্থায় ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নের পূর্ব বসিকপুর গ্রামের বাড়ি থেকে বিবি ফাতেমা ও তাঁর মেয়ে শান্তিকা ইসলামের (ইসফা) লাশ উদ্ধার করে পুলিশ।

হত্যাকাণ্ডের পর বুধবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন ফেনীর জেলা প্রশাসক মনোজ কুমার রায়, পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলীম, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জমান, অতিরিক্ত জেলা প্রশাসক পি কে এম এনামুল করীম, জিএমহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মজিবুল হক।

নিহত বিবি ফাতেমার বড় বোন বিবি কুলসুম বলেন, স্বামীর সঙ্গে বিরোধের কারণে মেয়েকে নিয়ে তাঁর বোন কয়েক বছর ধরে বাবার বাড়িতে থাকতেন। তাঁরা দুই ভাই ও চার বোন। বাবা কয়েক বছর আগে মারা গেছেন। ফাতেমাসহ তিন বোনের বিয়ে হয়েছে। ছোট বোনের বিয়ে হয়নি। দুই ভাই দক্ষিণ আফ্রিকা প্রবাসী। বুধবার তাঁদের মা হোসনে আরা বেগম ও ছোট বোন বাড়িতে ছিলেন না। এ সুযোগেই দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাঁর বোন ফাতেমা ও তাঁর মেয়েকে হত্যা করে। তাঁর দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মোর্শেদ বলেন, সন্দেহভাজন হিসেবে আটক দুজনকে জিজ্ঞাসাবাদ চলছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শিগগিরই শনাক্ত ও গ্রেপ্তার করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ফাতেমার সাবেক স্বামী শাহাদাত কারাগারেই রয়েছেন

ফুলগাজীর জিএমহাট ইউনিয়নের চেয়ারম্যান মজিবুল হকের বরাত দিয়ে ফাতেমার সাবেক স্বামী শাহাদাত হোসেন ওরফে রিমন সম্প্রতি কারাগার থেকে জামিনে ছাড়া পেয়েছেন বলে গতকাল প্রথম আলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়। পুলিশের কয়েকজন কর্মকর্তাও তাৎক্ষণিকভাবে একই কথা বলেছিলেন।

তবে গতকাল ফেনীর পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার ও ফেনী কারাগারের জেলার শংকর মজুমদার বলেন, শাহাদাত হোসেন এখনো কারাগারে রয়েছেন। জামিনে ছাড়া পাওয়ার বিষয়টি ঠিক নয়।