হ্যাকাররা আগেই হাতড়েছে ব্যাংকের কম্পিউটার সিস্টেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিজার্ভের ১০ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনায় জড়িত হ্যাকাররা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের কম্পিউটার সিস্টেমে অন্তত দুই সপ্তাহ আগে গোপনে ঢুকে সবকিছু হাতড়ে বেড়িয়েছে। একটি অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে বলে ব্যবসা-বিষয়ক সংবাদ প্রতিষ্ঠান ব্লুমবার্গ দাবি করেছে।

বাংলাদেশ ব্যাংকের জন্য প্রতিবেদনটি তৈরি করেছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ফায়ারআই ও ওয়ার্ল্ড ইনফরমেটিক্স। এই প্রতিবেদন বা তদন্তের ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি ফায়ারআইয়ের মুখপাত্র পেট্রিক নেইগ্রন। ওয়ার্ল্ড ইনফরেটিক্সের ব্যবস্থাপনা পরিচালক রাকেশ আস্তানাকে ই-মেইল করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটির কার্যালয়ে ফোন করা হলেও কেউ উত্তর দেননি। এ প্রতিবেদনের ব্যাপারে অবগত নন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা।

রাকেশ আস্তানা বাংলাদেশ ব্যাংকের সাইবার নিরাপত্তা-বিষয়ক পরামর্শক। তিনি বিশ্বব্যাংকের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সাবেক উপপ্রধান কর্মকর্তা। তাঁর নেতৃত্বে ওয়ার্ল্ড ইনফরমেটিক্স-এর একটি ফরেনসিক তদন্ত দল এ ঘটনার তদন্ত করছে। তদন্ত করতে গিয়ে কিছু জায়গায় আটকে যাওয়ায় অধিকতর দক্ষতাসম্পন্ন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালি-ভিত্তিক সাইবার নিরাপত্তা-বিষয়ক প্রতিষ্ঠান ফায়ারআইকে তদন্তকাজের সঙ্গে যুক্ত করা হয় বলে ১০ মার্চ রয়টার্সের খবরে জানানো হয়।

সাইবার অপরাধীরা কীভাবে বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে ঢুকে তাদেরই ঘায়েল করেছে, প্রতিবেদনে তার বর্ণনা রয়েছে। এসব প্রতিষ্ঠান বলছে, অর্থ চুরির সঙ্গে জড়িত দুর্বৃত্তরা কেন্দ্রীয় ব্যাংকের সার্ভারে ম্যালওয়্যার বসিয়েছিল, যাতে পেমেন্টগুলোকে প্রকৃত বলে মনে হয়। প্রতিবেদনে বলা হয়, অজ্ঞাত হ্যাকাররা বেশ চাতুর্যের সঙ্গে কাজটি করেছে, যাতে তাদের নাগাল পাওয়াটা কঠিন হয়ে পড়ে। সিস্টেম থেকে চলে যাওয়ার সময় তারা নিজেদের পদচিহ্ন ঢেকে ফেলতে কম্পিউটার লগ মুছে ফেলে। অর্থ চুরির আগে হ্যাকাররা নেটওয়ার্কে একটি সফটওয়্যার ঢোকায়, যাতে পুনঃপ্রবেশ করতে পারে তারা।

প্রতিবেদনে বলা হয়েছে, এটা এমন ধরনের ধাপ্পাবাজি, যা রাষ্ট্র-ভিত্তিক হ্যাকাররা করে থাকে। তবে ফায়ারআইয়ের গোয়েন্দা ইউনিট মনে করে, যারা এই দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার সিস্টেমের মধ্যে ঘাপটি মেরে বসে থেকে সবকিছু হাতড়েছে, তারা অপরাধী। তারা অর্থ চুরির ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ ও খুবই সংঘবদ্ধ ছিল।

ব্লুমবার্গ বলেছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রাখা বাংলাদেশের রিজার্ভের ১০০ কোটি ডলার চুরির পরিকল্পনা ছিল। এর মধ্যে রিজার্ভের ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়ে ফিলিপাইন ও শ্রীলঙ্কায় চলে যায়। এই অর্থ চুরির ঘটনায় সিস্টেমের দুর্বলতার বিষয়টি সামনে চলে আসে। বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংকের টানাপোড়েন দেখা দেয়; যার জেরে মেয়াদ পূর্ণ হওয়ার পাঁচ মাস আগেই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদ থেকে সরে দাঁড়াতে হয় আতিউর রহমানকে। হ্যাকাররা চুরি করা অর্থের আট কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনে পাঠায় এবং দুই কোটি ডলার পাঠায় শ্রীলঙ্কায়। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক ৮৫ কোটি ডলারের লেনদেন আটকে দেয়। শ্রীলঙ্কা ইতিমধ্যে দুই কোটি ডলার ফেরত দিয়েছে। আর ফিলিপাইনে যাওয়া অর্থের সন্ধান মেলেনি। বিষয়টি নিয়ে দেশটির সিনেট তদন্ত করছে।

তদন্তকারী দুটি প্রতিষ্ঠানের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী ব্যাংকগুলোর মধ্যে আর্থিক লেনদেনের কাজে ব্যবহৃত হয় সুইফট সিস্টেম। বাংলাদেশ ব্যাংকের এই সুইফট অ্যালায়েন্স একসেস সার্ভারে হামলা করার জন্যই সুনির্দিষ্টভাবে ম্যালওয়্যার বসানো হয় বলে অন্তবর্তী প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই সার্ভারগুলো বাংলাদেশ ব্যাংক পরিচালনা করে, তবে এগুলো চালিত হয় সুইফটের মাধ্যমে। সেই সুইফট সিস্টেমের নেটওয়ার্ক ভাঙা হয়েছে কি না, সেটা এখন তদন্ত করা হচ্ছে।

সুইফটের প্রতিনিধিত্বকারী উপদেষ্টা ফার্ম বার্নসউইক গ্রুপের শার্লি বুথ বলেছেন, ‘আমরা আবারও বলছি যে হ্যাকাররা গোটা সুইফট নেটওয়ার্ক ভাঙতে পারেনি। এ ব্যাপারে তদন্ত চলছে। বাংলাদেশ ব্যাংকের লোকাল সিস্টেমে কীভাবে এই হামলা করা হলো, তা বের হয়ে আসবে এই তদন্তের মাধ্যমে। মূল বার্তা আদান-প্রদান ব্যবস্থা এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়নি এবং স্বাভাবিকভাবে কার্যক্রম চলছে।’

বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট অ্যান্ড বাজেটিং বিভাগের অধীনে ব্যাক অফিসের মাধ্যমে এই লোকাল সুইফট ব্যবস্থা কাজ করে এবং লেনদেনের যোগাযোগের জন্য এই ব্যবস্থা আরও তিনটি টার্মিনালের সঙ্গে যুক্ত বলে ব্লুমবার্গ বলছে।

ফায়ারআই ও ওয়ার্ল্ড ইনফরমেটিক্সের ওই প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম সন্দেহজনক প্রবেশের ঘটনা ঘটে ২৪ জানুয়ারি। তবে সেটার সময়কাল এক মিনিটেরও কম ছিল। ২৯ জানুয়ারি হ্যাকাররা লেনদের বিষয়গুলো ঘাপটি মেরে দেখার জন্য ‘সায়েসমন ইন সুইফটলাইভ’ ইনস্টল করে। আর ফিলিপাইনের চারটি হিসাবে অর্থ সরিয়ে নেওয়ার ঘটনা ঘটে ৪ ফেব্রুয়ারি।

হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে ঢুকে পেমেন্ট ট্রান্সফারের ক্রেডেনশিয়াল চুরি করে। এরপর ভুয়া সুইফট মেসেজের মাধ্যমে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভকে অর্থ স্থানান্তরের অনুরোধ পাঠানো হয়। ফেব্রুয়ারির প্রথম দিকে এক সপ্তাহের মধ্যে এ রকম প্রায় তিন ডজন অনুরোধ যায় নিউইয়র্ক ফেডারেল রিজার্ভে। বিভিন্ন হিসাবে সব মিলিয়ে প্রায় ১০০ কোটি ডলার স্থানান্তর করতে বলা হয়। এর মধ্যে চারটি অনুরোধের বিপরীতে ফিলিপাইনের এক ব্যাংকের পাঁচটি হিসাবে মোট আট কোটি ১০ লাখ ডলার পাঠায় নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ। ভুল বানানে শ্রীলঙ্কার একটি অলাভজনক প্রতিষ্ঠানের হিসাবে দুই কোটি ডলার পাঠানোর পঞ্চম অনুরোধে সন্দেহ জাগলে অর্থ আর পাঠানো হয়নি।