দুই সপ্তাহ গেলেও গ্রেপ্তার হয়নি বেলাল হত্যাকাণ্ডের আসামিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার অটোরিকশাচালক বেলাল মিয়া (২৫) হত্যাকাণ্ডের দুই সপ্তাহ পেরিয়ে গেছে। কিন্তু পুলিশ এখনো একজন ছাড়া আর কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
গত ২৬ এপ্রিল প্রতিপক্ষের লোকজন বেলালকে কুপিয়ে হত্যা করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নবীগঞ্জ উপজেলা সদর থেকে আইনগাঁও চলাচলকারী অটোরিকশার একটি স্ট্যান্ড পরিচালনা করে আসছিলেন বেলালের বাবা উপজেলার নোয়াপাড়া গ্রামের ফারুক মিয়াসহ তিন-চারজন। এই স্ট্যান্ডের আধিপত্য নিয়ে একই উপজেলার মাইজগাঁও গ্রামের সামছু মিয়ার সঙ্গে তাঁদের বিরোধ হয়। এ নিয়ে একাধিকবার উভয় পক্ষের মধ্যে বিরোধ ও সংঘর্ষের ঘটনাও ঘটে। বেশ কয়েকটি মামলা হয়েছে।
২৬ এপ্রিল বিকেলে নবীগঞ্জ শহরের শেরপুর সড়কের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে ছিলেন বেলাল। এ সময় ফারুক মিয়ার প্রতিপক্ষের লোকজন তাঁকে আকস্মিকভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। মুমূর্ষু অবস্থায় তাঁকে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বেলালকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ফারুক মিয়া বাদী হয়ে ২৮ এপ্রিল নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। এতে উপজেলার মাইজগাঁও গ্রামের সামছু মিয়া, আফছর মিয়া, তফাজ্জল হোসেন ওরফে লিংকনসহ ২৮ জনের নামে ও অজ্ঞাতনামা আরও ছয়-সাতজনকে আসামি করা হয়। পুলিশ ১ মে আফছর মিয়াকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা সদর থেকে গ্রেপ্তার করে। ফারুক মিয়া বলেন, সামছু মিয়া ও রায়েছ চৌধুরী তাঁদের অটোরিকশার স্ট্যান্ড দখল করতে তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন। আর যাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী প্রথম আলোকে জানান, অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।