দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো ধরা পড়েনি চট্টগ্রামের আনোয়ারার আত্মহননের পথ বেছে নেওয়া কহিনূর ধর্ষণ ও হত্যা মামলার আসামিরা। পুলিশ আসামি ধরতে অভিযান চালালেও আসামি ধরা না পড়ায় হতাশ কহিনূরের পরিবার।
জানা গেছে, গত ১০ অক্টোবর রাতে ধর্ষণের শিকার হয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহননের পথ বেছে নেন কহিনূর আক্তার (১৮) নামের এক নারী শ্রমিক। নগরের পতেঙ্গা থানার হাদিপাড়ার সেকান্দর কোম্পানির বাড়ির একটি ভাড়া বাসায় তিনি আত্মহত্যা করেন। লাশ উদ্ধারের পর পতেঙ্গা থানায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন কহিনূরের বাবা মো. শরীফ। ওই মামলায় বটতলীর ব্যবসায়ী জামাল উদ্দিনের ছেলে বেলাল উদ্দিন, আহমদ ছবির ছেলে মো. ইকবাল ও আবদুস সালামের ছেলে মোকতার আহমদকে আসামি করা হয়। কহিনূরের লাশ নিয়ে স্থানীয় লোকজন ওই সময় আনোয়ারায় মিছিল ও সমাবেশ করে আসামিদের আটকের দাবি জানায়।
থানা-পুলিশ জানায়, কহিনূর আত্মহত্যার আগে বেলাল ও ইকবালকে দায়ী করে একটি চিরকূট লিখে যান। তাদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
কহিনূরের চাচা লোকমান হাকিম বলেন, ‘এখনো আসামি ধরা না পড়ায় আমরা হতাশ। আমরা চাই অপরাধীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক।’ পতেঙ্গা মডেল থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা জাকির হোসেন বলেন, আমরা আসামিদের ধরার জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছি।