দুই সপ্তাহেও খোঁজ মেলেনি স্কুলছাত্রীর

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের জগথা সরকারপাড়া মহল্লার এক স্কুলছাত্রী দুই সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার তার মা পীরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ওই ছাত্রীর নাম সাহেরা খাতুন (১৩)। তাঁর বাবা আহসান আলী ও মা সকিনা খাতুন। সে এবার ভাকুড়া উচ্চবিদ্যালয় থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা দিয়েছে। মা-বাবার সঙ্গে সাহেরা জগথা সরকারপাড়া মহল্লায় স্কুলশিক্ষক আবদুর রউফের জমিতে ঘর তৈরি করে থাকত।
জিডিতে উল্লেখ করা হয়, পুরোনো শীতের কাপড় কেনার জন্য ১ ডিসেম্বর বিকেলে সাহেরা খাতুন পীরগঞ্জ শহরের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। ওই দিন সন্ধ্যায় বাইরে থেকে বাড়িতে ফিরে সকিনা দেখেন মেয়ে ফেরেনি। রাত থেকেই শুরু হয় মেয়েকে খোঁজাখুঁজি। গত দুই সপ্তাহ ধরে বিভিন্ন জায়গা ও আত্মীয়ের বাড়িতে খোঁজাখুঁজির পর সকিনা এখন দিশেহারা। তিনি মেয়ের খোঁজ চান। সাহেরার উচ্চতা সাড়ে চার ফুট, গায়ের রং শ্যামলা, মুখ গোলাকৃতি। তার খোঁজ দেওয়ার জন্য স্কুলশিক্ষক আবদুর রউফ অথবা থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
পীরগঞ্জ থানার ওসি মো. আমিরুজ্জামান বলেন, ‘বেতার বার্তার মাধ্যমে এই তথ্য সব থানায় জানিয়ে দেওয়া হবে। আমরাও খোঁজ নিচ্ছি।’