সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই সহকারী প্রক্টর তাঁদের পদ থেকে পদত্যাগ করেছেন। তাঁদের একজন আওয়ামীপন্থী শিক্ষকদের ফোরাম থেকেও পদত্যাগ করেছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আওয়ামীপন্থী শিক্ষকদের ফোরাম সূত্রে জানা গেছে, গতকাল রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিলয় চন্দ্র সরকার ও আবদুল্লাহ আল-সোয়েব সহকারী প্রক্টরের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। এ ছাড়া আওয়ামীপন্থী শিক্ষকদের ফোরাম ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ থেকেও পদত্যাগ করেছেন নিলয় চন্দ্র। দুজনই পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন।
তবে মুঠোফোনে যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক প্রথম আলোকে বলেন, ‘আওয়ামীপন্থী ফোরামের কয়েকজন জ্যেষ্ঠ শিক্ষক ফোরামকে তাঁদের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছেন। বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনার জন্য তাঁরাই দায়ী। এতে ফোরামটি আদর্শিক অবস্থান থেকে দূরে সরে যাচ্ছে। প্রশাসনে দায়িত্ব পালন করতে সমস্যা হচ্ছে। এ নিয়ে কনিষ্ঠ শিক্ষকদের মধ্যে অস্থিরতা ও হতাশা কাজ করছে।’
আওয়ামীপন্থী শিক্ষকদের একটি সূত্র জানায়, গত শুক্রবার সকালে তাঁদের একটি অংশ উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়ার সঙ্গে বৈঠক করেন। এ সময় কয়েকজন বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনার জন্য ফোরামের জ্যেষ্ঠ কয়েকজন শিক্ষককে দায়ী করে অভিযোগ করেন যে তাঁরা ছাত্রলীগকে প্রশ্রয় দিচ্ছেন।
মুঠোফোনে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রী শেখর রায় ওই দুই শিক্ষকের পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘উপাচার্য দেশের বাইরে আছেন। তিনি দেশে এলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’