দুই সহপাঠী গ্রেপ্তার, প্রেমসংক্রান্ত বিরোধেই হত্যা!

ময়মনসিংহে স্কুলছাত্র রাশেদুজ্জামান ওরফে লিয়ন (১৪) হত্যার অভিযোগে তার দুই সহপাঠীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে রাশেদের মা রাশেদা আক্তার বাদী হয়ে দুই সহপাঠীসহ চারজনের নামে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।
মামলার অপর দুই আসামিকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবিতে গতকাল বুধবার সকালে শহরের কেওয়াটখালী এলাকায় বিক্ষোভ মিছিল ও ঢাকা-ময়মনসিংহ বাইপাস সড়ক অবরোধ করেন রাশেদের শিক্ষক, সহপাঠী ও স্থানীয় লোকজন। পুলিশ ও র্যা ব-১৪ সূত্রে জানা যায়, গ্রেপ্তার সহপাঠীরা হলো সোহানুর রহমান ও সাকিবুল হাসান। এজাহারভুক্ত অপর দুই আসামি হলো কেওয়াটখালী এলাকার নাঈম ও জয়। গত মঙ্গলবার রাতে ত্রিশাল উপজেলা থেকে পুলিশ সাকিবুল হাসানকে গ্রেপ্তার করে। গতকাল সকালে শহরতলির দিঘারকান্দা এলাকার একটি বাড়ি থেকে র্যা ব-১৪ গ্রেপ্তার করে সোহানুরকে।
পুলিশ, রাশেদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাংলাদেশ রেলওয়ে উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী রাশেদকে স্কুল ফটকের সামনে ছুরিকাঘাতে হত্যা করে সহপাঠী ও সমবয়সী কয়েকজন তরুণ। গতকাল পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, প্রেমঘটিত কারণে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে। বাকি দুই আসামিকে গ্রেপ্তারের পর এ ব্যাপারে নিশ্চিত করে বলা যাবে।
গতকাল সকাল ১০টায় রেলওয়ে উচ্চবিদ্যালয়ের মাঠে রাশেদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে কেওয়াটখালী এলাকার ঢাকা-ময়মনসিংহ বাইপাস সড়ক অবরোধ করে। ৩০ মিনিট পর শিক্ষার্থীরা মিছিল করে স্কুলের পেছনে রেলওয়ের ময়মনসিংহ অঞ্চলের সহকারী নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ও বাসভবনে ভাঙচুর চালায়। শিক্ষার্থীরা ওই এলাকায় অবস্থিত মামলার আসামি জয়ের বাড়িতেও ভাঙচুরের চেষ্টা করে।