দুই সাংবাদিককে পেটাল সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহে দুই সাংবাদিককে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। দুজনই এখন হাসপাতালে চিকিৎসাধীন। ঝিনাইদহের শৈলকুপা ও মহেশপুর উপজেলায় এ হামলার ঘটনা ঘটেছে।
ওই দুই সাংবাদিক হলেন নয়া দিগন্ত পত্রিকার শৈলকুপা প্রতিনিধি মফিজুল ইসলাম ও ঝিনাইদহ থেকে প্রকাশিত সাপ্তাহিক সীমান্তবাণী পত্রিকার সম্পাদক আবদুর রাজ্জাক।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মফিজুল ইসলাম অভিযোগ করেন, শনিবার সন্ধ্যায় তিনি লাঙ্গলবাঁধ বাজারে যান। সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে ধলহরাচন্দ্র ইউনিয়নের বন্দেখালী ওয়ার্ড যুবলীগের সভাপতি লাভলু মণ্ডল ও সন্ত্রাসী আবদুল মান্নানের নেতৃত্বে একদল যুবক তাঁর ওপর হামলা চালান। তাঁরা লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাঁকে গুরুতর আহত করেন। পরে বাজারের লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
মফিজুল ইসলাম জানান, এসব সন্ত্রাসীর বিরুদ্ধে স্থানীয় কয়েকটি পত্রিকায় সংবাদ ছাপা হয়েছে। কিন্তু এসব সংবাদের সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন। তারপরও তাঁকে মারধর করা হয়েছে। এ ঘটনায় তিনি থানায় মামলা করবেন।
এ হামলার ঘটনার পর শৈলকুপায় কর্মরত সাংবাদিকেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। তাঁদের ১১ জন নিরাপত্তা চেয়ে শৈলকুপা থানায় সাধারণ ডায়েরি করেছেন। ঘটনার পর থেকে লাভলু মণ্ডল ও আবদুল মান্নান পলাতক।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাশেম খান জানান, মফিজুল ইসলাম গতকাল বিকেল পর্যন্ত অভিযোগ করেননি। তাই কোনো ব্যবস্থাও নেওয়া যায়নি।

>হামলার ঘটনার পর শৈলকুপায় কর্মরত সাংবাদিকেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। তাঁদের ১১ জন নিরাপত্তা চেয়ে শৈলকুপা থানায় সাধারণ ডায়েরি করেছেন

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আবদুর রাজ্জাকের অভিযোগ, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছিমা খাতুনের কার্যালয়ে গিয়ে তথ্য অধিকার আইনে পান্তাপাড়া ইউনিয়নে সম্প্রতি কিছু প্রকল্পে বরাদ্দকৃত চাল ও গম সম্পর্কে তথ্য চেয়ে আবেদন করেন। ইউএনও কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য প্রকল্প কর্মকর্তাকে নির্দেশ দেন। আবেদনের অনুলিপি নিয়ে প্রকল্প অফিসে যাওয়ার পর সেখানে উপস্থিত ওই প্রকল্পের সঙ্গে জড়িত কয়েকজন ব্যক্তি ও প্রকল্প অফিসের কর্মচারীরা তাঁর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি অফিসের বাইরে বেরিয়ে এলে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক ও পান্তাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেনের লোকজন হাতুড়ি দিয়ে পেটানো শুরু করেন। এ ঘটনায় তিনি তিনজনকে আসামি করে থানায় অভিযোগ দিয়েছেন।
জানতে চাইলে ইসমাইল হোসেন বলেন, তিনি এ ঘটনা সম্পর্কে কিছু জানেন না। আবদুর রাজ্জাকের সঙ্গে তাঁর কোনো বিরোধ নেই। তা ছাড়া যে তথ্যের জন্য তিনি গিয়েছিলেন, সেই কাজগুলো প্রকল্প সভাপতির মাধ্যমে করা হয়েছে। এখানে তাঁর কোনো ত্রুটি নেই।
হামলাকারীদের সম্পর্কে ইসমাইল হোসেন বলেন, ‘রাজনীতি করি। দলের সব লোকই আমার, আমাদের লোক। কিন্তু আমি কাউকে মারপিট করে আসতে বলিনি।’
মহেশপুর থানার ওসি শাহিদুল ইসলাম জানান, দ্রুত বিচার আইনে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। আশা করছেন, দ্রুত আসামিরা গ্রেপ্তার হবেন।