দুই সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি
বরিশালের গৌরনদী উপজেলায় কর্মরত দুই সাংবাদিক প্রাণনাশের হুমকি পেয়েছেন। এ ঘটনায় তাঁরা অভিযুক্ত দুই মাদক ব্যবসায়ী ও তাঁদের সহযোগীদের বিরুদ্ধে থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
গৌরনদী মডেল থানায় গতকাল সোমবার একটি জিডি করেন দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার গৌরনদী প্রতিনিধি ও গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ নকিবুল হক। গত রোববার রাতে অন্য জিডি করেন দৈনিক ভোরের অঙ্গীকার-এর গৌরনদী প্রতিনিধি মীর শামীম।
প্রথম জিডিতে বলা হয়েছে, কয়েক দিন আগে গৌরনদী মডেল থানার এসআই নজরুল ইসলাম উপজেলার বার্থী ইউনিয়নের উত্তর বাউরগাতি গ্রামে অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে (৩৫) ইয়াবাসহ আটক করেন। তবে ঘটনার দিনই তিনি মুক্তি পান। আটক হওয়ার ঘটনায় একই গ্রামের বাসিন্দা সাংবাদিক সৈয়দ নকিবুলের হাত রয়েছে বলে সন্দেহ করে আসছিলেন সাইফুল। নকিবুল গত রোববার রাতে উত্তর বাউরগাতি জামে মসজিদ থেকে তারাবির নামাজ পড়ে বের হলে তাঁর পথরোধ করেন সাইফুল ও তাঁর সহযোগী। এ সময় তাঁরা নকিবুলের হাতের কবজি কর্তন ও প্রাণনাশের হুমকি দেন।
অন্য জিডিতে বলা হয়, দৈনিক ভোরের অঙ্গীকার পত্রিকায় ২১ জুন উপজেলার সরিকল ইউনিয়নের শাহজিরা এলাকার অভিযুক্ত ইয়াবা ব্যবসায়ী সিহাবকে নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনার পর সিহাব ও তাঁর সহযোগীরা বিভিন্ন সময়ে পত্রিকাটির সাংবাদিক মীর শামীমকে গালাগাল করেন। সর্বশেষ গত রোববার তিনি শাহজিরা এলাকায় গেলে সিহাব ও তাঁর সহযোগীরা আবারও গালাগালের পাশাপাশি মীর শামীমের হাত-পা ভেঙে দেওয়া ও প্রাণনাশের হুমকি দেন।