দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন যুবলীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথায় এক যুবলীগ নেতা দুজন স্থানীয় সাংবাদিককে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা সদরে গত মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগের এক মিছিল থেকে এ ঘটনা ঘটানো হয়।
উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাদল হোসেনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। দৈনিক বাঙ্গালী খবর-এর সালথা প্রতিনিধি আবু নাসের হুসাইন ও দৈনিক ইত্তেফাক-এর উপজেলা সংবাদদাতা নূরুল ইসলামকে লাঞ্ছিত করা হয়।
আওয়ামী লীগের স্থানীয় একজন কর্মী বলেন, মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে দুর্নীতিবিরোধী এক আলোচনা সভা হয়। সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাহিদুজ্জামান, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমানসহ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী দুজন বলেন, মিছিলটি সদর বাজার থেকে উপজেলা পরিষদ চত্বরের সামনে যেতে থাকে। এ সময় মিছিলের সামনের দিকে ছিলেন যুবলীগ নেতা বাদল হোসেন। তাঁর ছবি না তোলার অজুহাত তুলে বাদল স্থানীয় দুই সাংবাদিকের ওপর চড়াও হন এবং তাঁদের লাঞ্ছিত করেন।
সাংবাদিক আবু নাসের হুসাইন বলেন, ‘ছবি না তোলায় যুবলীগ নেতা বাদল হোসেন প্রথমে গালাগালি করেন। একপর্যায়ে আমাকে ও নূরুল ইসলামকে কিল ও ঘুষি মেরে লাঞ্ছিত করেন।’
এ বিষয়ে অভিযুক্ত বাদল হোসেন বলেন, ওই দুই সাংবাদিকের সঙ্গে তাঁর মনোমালিন্য হয়েছে। কিন্তু তিনি তাঁদের গায়ে হাত দেননি।
দুই সাংবাদিকের লাঞ্ছিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মিছিলে থাকা সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান। তিনি প্রথম আলোকে বলেন, দু-এক দিনের মধ্যে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বসে বিষয়টি মীমাংসা করে দেওয়া হবে।