দুই সাংবাদিকসহ চারজনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গাছের সঙ্গে বেঁধে দুই শিশু নির্যাতনের ঘটনায় সাজানো ছবি দেওয়ার অভিযোগে দুই সাংবাদিকসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত রোববার উপজেলার কাশিমাড়ি ইউনিয়ন যুবসংহতির সভাপতি আনিছুর রহমান বাদী হয়ে এ মামলা করেন।
মামলার আসামিরা হলেন দৈনিক পত্রদূত-এর শ্যামনগর প্রতিনিধি ও বাদঘাটা গ্রামের সামিউল আযম, একই পত্রিকার সদ্য অব্যাহতিপ্রাপ্ত কাশিমাড়ি ইউনিয়ন প্রতিনিধি ও গোবিন্দপুর গ্রামের রবিউল ইসলাম, গোপালপুর গ্রামের আবদুর রশিদ গাইন ও জয়নগর গ্রামের ইউনুচ গাজী।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ১৬ জুলাই উপজেলার জয়নগর গ্রামে দুই শিশুকে একটি গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা সঠিক হলেও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবিটি ছিল সাজানো।
এ ব্যাপারে রবিউল ইসলাম বলেন, শিশু নির্যাতনের ঘটনা শুনে তিনি সেখানে গিয়েছিলেন। সেখানে গিয়ে একটি গাছের সঙ্গে দুই শিশুকে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় দেখেন। এরপর তিনি ছবি তুলে নিয়ে চলে আসেন।
নির্যাতনের শিকার শিশু ইয়াসিনের মা তাসলিমা খাতুন বলেন, শিশু নির্যাতনের পর নির্যাতনকারী গোলাম মোস্তফা থানায় গেছেন তাঁদের বিরুদ্ধে মামলা করতে—এ সংবাদ শুনে তাঁরা (শিশুটির পরিবার) শিশু দুটিকে গাছের সঙ্গে বাঁধেন। পরে একজন সাংবাদিক এসে ছবি তুলে নিয়ে যান।