দুই সাংবাদিকের বসতঘর পোড়ানোর ঘটনায় মামলা
বরগুনার আমতলী উপজেলার বাজারখালী গ্রামে গত সোমবার রাতে দুই সাংবাদিকের বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গত বুধবার থানায় একটি মামলা হয়েছে।
দুই সাংবাদিকের পরিবার, এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাজারখালী গ্রামের ঢাকায় দৈনিক মানবকণ্ঠ-এর জ্যেষ্ঠ প্রতিবেদক সিদ্দিকুর রহমান ও তাঁর ভাই জনকণ্ঠ-এর পটুয়াখালী প্রতিনিধি মোখলেসুর রহমানের বসতঘরে সোমবার রাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। তখন বাড়িতে লোকজন ছিলেন না। আশপাশের বাড়ির লোকজনের ডাকাডাকিতে এলাকার কয়েকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। খবর পেয়ে আমতলী থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসার আগেই সাংবাদিকদের দোতলা টিনের ঘর, রান্নাঘরসহ সব স্থাপনা পুড়ে যায়।
সাংবাদিক সিদ্দিকুর ও মোখলেসুরের ছোট ভাই আসাদুর রহমান বলেন, ঘটনার সময় তিনি স্ত্রীকে নিয়ে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। লঞ্চে থাকা অবস্থায় তিনি মুঠোফোনে অগ্নিকাণ্ডের খবর পান। সকালে এসে দেখেন, ঘরদোর সব পুড়ে ছাই হয়ে গেছে। এর আগে গত ২৭ ডিসেম্বর রাতে দুর্বৃত্তরা তাঁর মাছের ঘেরে বিষ প্রয়োগ করে ১০ লাখ টাকার মাছ মেরে ফেলে এবং একই রাতে তাঁর পানের বরজে লবণ ছিটিয়ে দিয়ে বরজটি নষ্ট করে দেওয়া হয়। এতে তাঁদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তাঁদের ধারণা, পরিকল্পিতভাবে পেট্রল বা অন্য কোনো দাহ্য পদার্থ ছিটিয়ে কেউ আগুন ধরিয়ে দেওয়ায় মুহূর্তের মধ্যে বসতঘর পুড়ে যায়।
আমতলী ফায়ার সার্ভিস স্টেশনের ব্যবস্থাপক মো. হারুন-অর-রশিদ বলেন, এত কম সময়ের মধ্যে এত বড় একটি ঘর সম্পূর্ণ পুড়ে যাওয়া কোনো স্বাভাবিক বিষয় নয়। স্থানীয় গুলিশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ অগ্নিকাণ্ডের ঘটনাটি রহস্যজনক।’
আমতলী থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, ‘কে বা কারা আগুন দিয়েছে, তা কেউ বলতে পারছেন না। এ ঘটনায় বুধবার রাতে আসাদুর রহমান বাদী হয়ে চার ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন। বিষয়টি আমরা তদন্ত করে দেখব।’