দুই সেবিকা সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকাদের কর্তব্যে অবহেলার কারণে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার জন্য দায়ী দুজন সেবিকাকে গতকাল বুধবার সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সাময়িক বরখাস্ত করা সেবিকারা হলেন স্বাস্থ্য কমপ্লেক্সের জ্যেষ্ঠ সেবিকা মুকুল আকতার ও সেলিমা খাতুন।
সিরাজগঞ্জের সিভিল সার্জন মোহাম্মদ শামসুদ্দীন বলেন, দুই সেবিকার বিরুদ্ধে কর্তব্যে আবহেলার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকায় সেবা পরিদপ্তরের পরিচালক বরাবর সোমবার রাতে চিঠি দেওয়া হয়। গতকাল বিকেলে তাঁদের বরখাস্ত করার চিঠি পাওয়া গেছে। তিনি জানান, এর পরও ঘটনা তদন্তে জেনারেল হাসপাতালের অবেদনবিদ আবদুর রাজ্জাককে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানা-পুলিশ সূত্র জানায়, গত রোববার দুপুর ১২টার দিকে উপজেলার খাসরাজবাড়ী গ্রামের সাহার উদ্দীনের স্ত্রী আনোয়ারা খাতুন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ভর্তির পর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী হাসপাতালের বাইরে থেকে ওষুধপত্র কিনে দেওয়ার পর রোগীর শরীরে স্যালাইন দেওয়া হয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ সেবিকা মুকুল আকতার ও সেলিমা খাতুন রোগীর শরীরে ঠিকমতো স্যালাইন দেওয়া হয়নি বলে খুলে দেন। পরে তাঁরা বাড়ি চলে যান। রাত আটটা পর্যন্ত তাঁদের দায়িত্ব পালনের কথা ছিল। তাঁরা চলে যাওয়ার পর রোগীর অবস্থা ক্রমান্বয়ে খারাপ হতে থাকে। রোগীর স্বজনেরা সেবিকা ও চিকিৎসকদের খুঁজতে থাকলেও কাউকে পাননি। সন্ধ্যা পৌনে সাতটার দিকে রোগী মারা যান।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, এ বিষয়ে মঙ্গলবার রাতে মারা যাওয়া রোগীর স্বামী সাহার উদ্দীন বাদী হয়ে একটি মামলা করেছেন। দুজন সেবিকাকে মঙ্গলবার আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে সাহার উদ্দীন বলেন, রোগীর অবস্থা যখন খারাপ হচ্ছিল, তখন হাসপাতালের চিকিৎসক ও কর্তব্যরত সেবিকাদের খোঁজ করেও পাওয়া যায়নি। একপর্যায়ে বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুশান্ত দাস স্বীকার করেন, ওই দুই সেবিকার রাত আটটা পর্যন্ত দায়িত্ব পালন করার কথা ছিল।