দুই স্কুলছাত্রকে জখম করল সহপাঠী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথা-কাটাকাটির জের ধরে ভোলায় এক স্কুলছাত্র ধারালো অস্ত্র দিয়ে দুই সহপাঠীকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার ভোলা সরকারি বালক উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আহত ছাত্ররা হলো ফজলে আলম (১৪) ও আমিনুল ইসলাম (১৪)। ভোলা থানার ওসি মীর খায়রুল কবীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রত্যক্ষদর্শী একাধিক ছাত্র সূত্রে জানা যায়, গতকাল সকালে বিদ্যালয়ের দিবা শাখার তিনজন ছাত্র গল্প করছিল। আলোচনার জের ধরে কথা-কাটাকাটির একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে অভিযুক্ত ওই ছাত্র ব্যাগ থেকে ছুরি বের করে মাহি ও নয়নকে এলোপাতাড়ি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঘটনাস্থলে পুলিশ ও বিদ্যালয়ের শিক্ষকেরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। ঘটনার পর থেকে ওই ছাত্র পলাতক।
বিদ্যালয়ের সভাপতি ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান বলেন, ঘটনা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
ওসি মীর খায়রুল কবীর বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। যদি তারা ব্যর্থ হয় তবে মামলা নেওয়া হবে।
বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, যথাযথ ব্যবস্থা নিয়ে এখানে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা হবে।