দুই স্কুলছাত্রী ধর্ষণের শিকার, ৫ তরুণের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় দুই স্কুলছাত্রীকে ধর্ষণের ভিডিওচিত্র ইন্টারনেটে ছেড়ে দেওয়ার অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই দুই স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনাটি ঘটে গত এপ্রিল মাসে। তবে এ ঘটনার ভিডিওচিত্র সপ্তাহ খানেক আগে ইন্টারনেটে ছেড়ে দেওয়ার অভিযোগে ১ জুন মামলা হয়।
মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা গেছে, পয়লা বৈশাখ উপলক্ষে গত ১৪ এপ্রিল চরভদ্রাসনের অষ্টম ও নবম শ্রেণির ওই দুই ছাত্রী আত্মীয় বাড়িতে বেড়াতে যাচ্ছিল। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো বোন। পথে এলাকার পাঁচ তরুণ উজ্জ্বল খান (২৫), শুকুর আলী সিকদার (২৬), সিরাজ শেখ (২৫), ইলিয়াস ব্যাপারী (২০) ও শফি মোল্লা (২৫) তাদের পিছু নেয়। একপর্যায়ে তারা দুই কিশোরীকে জোর করে মোটরসাইকেলে তুলে একটি ভুট্টাখেতে নিয়ে ধর্ষণ করেন। মুঠোফোনে এ দৃশ্য ভিডিও করা হয়। বিষয়টি প্রকাশ করলে দুই কিশোরীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
ঘটনার পর দুই কিশোরীর অভিভাবকেরা তরুণদের পরিবারকে বিষয়টি জানায়। তবে তারা কোনো ব্যবস্থা নেওয়ার পরিবর্তে উল্টো বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে তাঁদের সতর্ক করে দেয়। ওই সব তরুণের পরিবার প্রভাবশালী হওয়ায় এবং মানসম্মানের ভয়ে চুপ ছিল দুই কিশোরীর দরিদ্র পরিবার। তবে মাস খানেক আগে তরুণেরা দুই কিশোরীর পরিবারের কাছে ১ লাখ টাকা করে দাবি করেন। না দিলে ধর্ষণের ভিডিওচিত্র ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেন তাঁরা। টাকা দিতে না পারায় এক সপ্তাহ আগে পাঁচ খণ্ডের ওই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়া হয়। ফলে ওই দুই কিশোরীর স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে।
এ ঘটনায় ১ জুন এক কিশোরীর বাবা ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। ট্রাইব্যুনালের বিচারক মো. বজলুর রহমান অভিযোগ আমলে নিয়ে মামলা নথিভুক্ত করতে ও তদন্ত সাপেক্ষে আসামিদের গ্রেপ্তার করতে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।
থানার ওসি রাম প্রসাদ ভক্ত গতকাল রোববার প্রথম আলোকে বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী গত শনিবার রাতে ওই পাঁচ তরুণের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা নেওয়া হয়েছে। ওই তরুণেরা আত্মগোপন করেছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ওসি বলেন, দুই কিশোরী গতকাল ফরিদপুর ২ নম্বর আমলি আদালতে জবানবন্দি দিয়েছে। শারীরিক পরীক্ষার জন্য তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে গতকাল রোববার বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাস্খরিত এক বিজ্ঞপ্তিতে দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের যথাযথ শাস্তির দাবি জানিয়েছেন।