দুই স্কুলছাত্রীকে ধর্ষণ শেষে হত্যা
নাটোরের নলডাঙ্গা উপজেলার ইয়ারপুর গ্রামে এক স্কুলছাত্রীকে ধর্ষণ শেষে হত্যা করে পালানোর সময় এক তরুণকে ধরে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। পরে তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে।
একই দিন গোপালগঞ্জের মুকসুদপুরে আরেক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়।
নলডাঙ্গার ইয়ারপুরে নিহত স্কুলছাত্রীর নাম মায়া খাতুন (১১)। সে গ্রামের জহুরুল ইসলামের মেয়ে ও ইয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। এ হত্যাকাণ্ডে গ্রেপ্তার দুই তরুণ হলেন মোবারক হোসেন ওরফে কালু (২২) ও তাঁর সহযোগী মিঠুন আলী (২৩)। নলডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ওয়াজেদ আলী খান বলেন, গ্রেপ্তার দুই তরুণ গতকাল মঙ্গলবার নাটোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সামশুল আল আমিনের আদালতে জবানবন্দি দেন। মায়াকে ধর্ষণ ও হত্যা করার কথা স্বীকার করেছেন তাঁরা। পরে তাঁদের নাটোর জেলা কারাগারে পাঠানো হয়।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, প্রতিদিন দুপুরে খাবার খেতে মায়া বাড়ি আসত। কিন্তু সোমবার দুপুরে সে টিফিন খেতে আসেনি। এরপর তার বাবা বিদ্যালয়ে গিয়েও তাকে পাননি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধ্যা ছয়টার বিদ্যালয়ের পাশের একটি আমবাগানে মায়ার লাশ পাওয়া যায়। লাশের গলা ও মুখে কালচে দাগ ছিল। শরীরের নিচের অংশে আঘাতের চিহ্ন ছিল। রাত নয়টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়। রাত ১০টার দিকে নৌকা নিয়ে আত্রাই নদী দিয়ে পালানোর সময় এলাকাবাসী মোবারককে ধরে পুলিশের হাতে তুলে দেন। পরে মিঠুনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
পরিদর্শক (তদন্ত) ওয়াজেদ আলী খান আরও বলেন, মায়াকে ধর্ষণের আলামত পাওয়া গেছে।
মুকসুদপুরের শোরদী গ্রামে নিহত স্কুলছাত্রীর নাম রিতা আক্তার (১৪)। সে গ্রামের রেজ্জাক শেখের মেয়ে ও দিকনগর উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সোমবার সকালে ফরিদপুরের ভাঙ্গার গঙ্গাধরদি গ্রামের মামার বাড়ি থেকে বাড়িতে ফেরার পথে নিখোঁজ হয় রিতা। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে শোরদী গ্রামের পরিত্যক্ত ভিটায় তার বিবস্ত্র লাশ পাওয়া যায়। সিন্দিয়াঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই গিয়াস উদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর রিতাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় উপজেলার ফতেপট্টি গ্রামের উজ্জ্বল শেখ, নূর আলম মোল্লা, তুষার শেখ ও হাইওয়াল শেখ নামের চার যুবককে আটক করা হয়েছে।
থানার ওসি আজিজুর রহমান বলেন, রিতার বাবা রেজ্জাক শেখ গতকাল বিকেলে মামলা করেছেন।