দুই স্কুলছাত্রীকে বেধড়ক বেত্রাঘাত করলেন শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই ছাত্রীকে বেধড়ক বেত্রাঘাত করেছেন এক সহকারী শিক্ষক। গত মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই দুই ছাত্রীর অভিভাবকদের সূত্রে জানা গেছে, ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির চার ছাত্রী ঝগড়া করে। পরে এক ছাত্রী শিক্ষকদের কাছে নালিশ করে। এই প্রেক্ষাপটে সহকারী শিক্ষক মিজানুর রহমান ওই দুই ছাত্রীকে একটি কক্ষে ডেকে নিয়ে বেধড়ক বেত্রাঘাত করেন। এতে ওই দুই ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে এক ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্য ছাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
চিকিৎসাধীন ছাত্রীর বাবা প্রথম আলোকে বলেন, শিক্ষক মিজানুর তাঁর মেয়ের চুলের মুঠি ধরে বেধড়ক বেত্রাঘাত করেন। বাড়ি ফিরে এর যন্ত্রণায় কান্নায় ভেঙে পড়ে। পরে তাকে সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে জানতে চাইলে বেত্রাঘাতের অভিযোগ স্বীকার করে শিক্ষক মিজানুর বলেন, ‘মারামারিতে জড়িত চার ছাত্রীকেই আমি শাসন করেছি। ওদের মধ্যে ঝগড়ার সময় যারা মার খেয়েছিল তাদের কম মেরেছি। আর যারা মার দিয়েছে তাদের একটু বেশি মেরেছি।’ শিক্ষার্থীদের বেত্রাঘাত করা আইনত দণ্ডনীয় অপরাধ, বিষয়টি মিজানুর জানেন। এরপরও দুই শিশুছাত্রীকে এভাবে বেত্রাঘাতের কারণ জানতে চাইলে তিনি বলেন, ওদের সামাল দিতে তিনি বাঁশের কঞ্চি দিয়ে আঘাত করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালালউদ্দিন মিয়া প্রথম আলোকে বলেন, সহকারী শিক্ষক ওই ছাত্রীকে শাসন করেছিলেন। তবে শাসনের মাত্রা একটু বেশি হয়ে গেছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিবপদ দে প্রথম আলোকে বলেন, ‘শিশু শিক্ষার্থীদের গায়ে হাত তোলার কোনো বিধান নেই। আমি সরেজমিনে গিয়ে বিষয়টি তদন্ত করব। প্রমাণিত হলে বরখাস্ত করাসহ ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’