দুই স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ময়ুরভাঙা এলাকার একটি লেবু বাগান থেকে আজ শুক্রবার সন্ধ্যায় দুই স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে মির্জাপুর থানার পুলিশ।
নিহতরা হলো ঢাকার ধামরাই উপজেলার চর চৌহাট (দেলুটিয়া) গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে শাকিল মিয়া ও আবু বক্করের ছেলে ইমরান হোসেন। তারা দুজনই ওই ইউনিয়নের বালিয়া ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
মির্জাপুর থানার পুলিশ জানায়, গত বুধবার দুপুরে তারা দুজন মির্জাপুরের হাড়িয়া উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান দেখতে যায়। সেখান থেকে তারা নিখোঁজ হয়। আজ শুক্রবার বিকেলে ময়ুরভাঙ্গা এলাকাবাসী দুজনের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনউদ্দিন বলেন, ওই দুই শিশু গত বুধবার নিখোঁজ হওয়ার পর তাদের পরিবারের সদস্যদের কাছে বৃহস্পতিবার এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে ফোন করা হয়েছিল বলে তিনি জানতে পেরেছেন। আজ সন্ধ্যায় তাদের লাশ উদ্ধার করা হয়। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।