দুই স্কুলছাত্রের সন্ধান মেলেনি আজও
ঢাকার আশুলিয়ার জিরাবো এলাকার স্কুলছাত্র আরফাউল (৭) ও ইমন বাবুর (৬) সন্ধান মেলেনি আজও। গত বৃহস্পতিবার বিকেলে থেকে তারা নিখোঁজ।
আরফাউল চা বিক্রেতা চাঁন মিয়ার ছেলে এবং ইমন একই এলাকার পোশাক শ্রমিক আইয়ুব আলীর ছেলে। দুজনেই জিরাবো মডেল একাডেমির প্রথম শ্রেণির শিক্ষার্থী।
আরফাউলের মা আকতরা বানুর ভাষ্য, তাঁর ছেলে বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বাসা থেকে বের হয়ে ইমনের সঙ্গে বাসার পাশে একটি ফাঁকাস্থানে খেলছিল। এর পর আর তারা বাসায় ফেরেনি।
চাঁন মিয়া ও আইয়ুব আলী বলেন, আরফাউল ও ইমন নিখোঁজ হওয়ার পর থেকে তাঁরা আশপাশের এলাকা এবং স্বজনদের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেছেন। কিন্তু কোথাও তাঁদের সন্ধান না পেয়ে তাঁরা গত শুক্রবার আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন।
চাঁন মিয়া বলেন, আরফাউল ও ইমন নিখোঁজ হওয়ার পর থেকে কেউ তাঁদের কাছে কোনো টাকাও দাবি করেননি এবং তাঁদের সঙ্গে কারও শত্রুতাও নেই।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির প্রথম আলোকে শিশু দুটি নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ তাঁদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।