দুই স্কুলছাত্রের হাতে দুই শিশু খুন!
পটুয়াখালী ও খুলনায় দুই শিশু খুন হয়েছে। তুচ্ছ কারণে একজনকে খুন করা হয়েছে পানিতে চুবিয়ে আর অন্যজনকে হাতুড়ির আঘাতে। যে দুজনের বিরুদ্ধে অভিযোগ, তারাও শিশু; একজন নবম শ্রেণির ছাত্র, অন্যজন ষষ্ঠ শ্রেণির।
পটুয়াখালী সদর উপজেলার একটি গ্রামে পানিতে চুবিয়ে হত্যা করা শিশুটির নাম হাসিব (৭)। গত রোববার সন্ধ্যায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ নবম শ্রেণির এক ছাত্রকে (১৫) গ্রেপ্তার করে নিরাপত্তা হেফাজতে নিয়েছে।
হাসিবের বাবার ভাষ্যমতে, হাসিব এলাকার প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ত। প্রায় দুই মাস আগে বাড়ির পাশে নবম শ্রেণির ওই ছাত্র একটি ছাগল পিটিয়ে মারে। হাসিব এ ঘটনা দেখে অন্যদের বলে দেয়। এতে ক্ষিপ্ত হয় সে। গত রোববার সকালে স্থানীয় এক খালে মাছ ধরার কথা বলে সে হাসিবকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে হাসিব নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ওই ছাত্রের ব্যাপারে সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করলে সে খালের পানিতে চুবিয়ে হাসিবকে হত্যার কথা স্বীকার করে। এরপর খাল থেকে হাসিবের লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠায়।
এ ব্যাপারে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় হাসিবের বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন। এ বিষয়ে আদালতের নির্দেশনা মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে খুলনার রূপসার গগনবাবু সড়ক এলাকায় হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে হাসান শেখ (১২) নামের পঞ্চম শ্রেণির এক ছাত্রকে। এ ঘটনায় একই বিদ্যালেয়র ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে আটক করেছে পুলিশ।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার দুপুরে স্কুল থেকে হেঁটে বাড়ি ফিরছিল ওই দুই শিক্ষার্থী। দুষ্টুমি করতে করতে দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি বেধে যায়। গগনবাবু সড়কে পৌঁছার পর ষষ্ঠ শ্রেণির ছাত্রটি রাস্তার পাশের একটি ওয়ার্কশপে ঢুকে হাতুড়ি এনে হাসানের মাথায় আঘাত করে। এরপর আহত অবস্থায় হাসান বাসায় ফিরে কয়েকবার বমি করে। তখন পরিবারের সদস্যরা তাকে সদর হাসপাতালে নেয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সোমবার ভোরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে হাসান মারা যায়।
হাসান গগনবাবু সড়কের বাসিন্দা অহিদুল শেখের ছেলে। গতকাল হাসানদের ভাড়া বাসায় গিয়ে দেখা যায়, বিলাপ করছেন হাসানের মা হাসিনা বেগম। তিনি বলেন, ‘কত স্বপ্ন ছিল ছেলেকে নিয়ে। বড় হয়ে মানুষ হবে। কিন্তু কী থেকে কী হয়ে গেল।’
খুলনা সদর থানার ওসি মিজানুর রহমান প্রথম আলোকে জানান, এ ঘটনায় অভিযোগ ওঠা ছাত্রের বিরুদ্ধে হাসানের মা মামলা করেছেন। গতকাল বাড়ি থেকে ওই ছাত্রকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।