দুই স্ত্রী দাবিদার স্বামীর লাশ এক বছর হিমঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই ধর্মের দুই স্ত্রী স্বামীর লাশের দাবিদার। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। মীমাংসা না হওয়ায় স্বামী খোকন ওরফে খোকন নন্দী ওরফে খোকন চৌধুরী ওরফে খোকা চৌধুরী ওরফে রাজীব চৌধুরীর লাশ এক বছর ধরে মর্গে রয়েছে।
প্রথমে বারডেম হাসপাতালের মর্গে ছিল লাশ। সেখানে দীর্ঘ মেয়াদে লাশ সংরক্ষণের ব্যবস্থা না থাকায় আদালতের আদেশে এখন লাশ আছে ঢাকা মেডিকেল কলেজের মর্গের ডিপ ফ্রিজে।
খোকনের প্রথম স্ত্রীর নাম মীরা নন্দী। একপর্যায়ে খোকন ধর্মান্তরিত হয়ে মুসলমান হন এবং হাবিবা আকতার খানমকে বিয়ে করেন। এখন দুই স্ত্রী নিজ নিজ ধর্ম অনুযায়ী, লাশ সৎকারের ব্যবস্থা করতে চাইছেন। কিন্তু খোকন হিন্দু না মুসলমান, তা নির্ধারণে জটিলতা কাটেনি।
প্রায় ৭০ বছর বয়সী খোকনকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয় গত বছরের ১৫ জুন। তিনি মারা যান ২৬ জুন। প্রথমে তাঁর লাশ রাখা হয় বারডেমের হিমঘরে। সেখানে দিনে দেড় হাজার টাকা ভাড়া দেওয়ার নিয়ম। তবে সেখানে দীর্ঘ মেয়াদে লাশ সংরক্ষণের ব্যবস্থা না থাকায় বারডেম কর্তৃপক্ষ বিষয়টি জানিয়ে আদালতের কাছে আবেদন করে। গত বছরের ২৩ অক্টোবর সহকারী জজ আদালত (দেওয়ানি ২৫২/১৪ ঢাকা) এক আদেশে বারডেম জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনায় ও তদারকিতে ঢাকা মেডিকেল কলেজের মরচুয়ারিতে লাশটি সংরক্ষণের আদেশ দেন। এরপর ১৫ নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ মর্গ লাশটি গ্রহণ করে।
ঢাকা মেডিকেল কলেজ মর্গের সহকারী সেকান্দার প্রথম আলোকে বলেন, ‘বারডেম কর্তৃপক্ষ ব্যাগে ভরে লাশটি আমাদের কাছে দিয়ে গেছে। ডিপ ফ্রিজে রাখা আছে। লাশের শুধু মুখটি দেখেছি। আজ পর্যন্ত এই লাশের দাবিদার কেউ দেখতে আসেনি। বেশ কিছু দিন আগে পরিচিত এক ব্যক্তি শুধু লাশ দেখতে এসেছিলেন।’
প্রথম আলোর সঙ্গে কথা হয় খোকনের দ্বিতীয় স্ত্রী হাবিবা আকতার খানমের সঙ্গে। তিনি বলেন, ‘আমার স্বামী মুসলমান। আমি চাই তাঁর লাশ দাফন করতে। মুসলমান হিসেবে মারা গেলে দ্রুত লাশ দাফন করার নিয়ম। আর আমার স্বামীর লাশ মর্গে পড়ে আছে এক বছর। আমি ওদের (স্বামীর প্রথম স্ত্রী ও তাঁর সন্তান) বলেছি, আগে লাশ দাফন হোক, পরে সব কথা শোনা যাবে। কিন্তু তারা তা মানতে নারাজ।’
হাবিবা আকতার নিঃসন্তান। তিনি জানালেন, খোকন ১৯৮০ সালে ধর্মান্তরিত হয়ে হিন্দু থেকে মুসলমান হন। ১৯৮৪ সালে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর জানতে পারেন তাঁর স্বামীর আগের স্ত্রী ও সন্তান আছে। এত বছর সেই স্ত্রী-সন্তানেরা কেউ খোঁজ নেননি। কিন্তু মারা যাওয়ার দুই দিন আগে থেকে হাসপাতালে সবাই আসা-যাওয়া শুরু করেন। তারপর লাশ নিয়ে টানাটানি শুরু হলে রমনা থানা থেকে পুলিশ আসে। তারপর সিএমএম কোর্ট হয়ে এখন নিম্ন আদালতে মামলা চলছে।
হাবিবা আকতার বলেন, ‘আগের স্ত্রীর সঙ্গে আমার স্বামীর ছোট ভাইয়ের অবৈধ সম্পর্ক ছিল। তারপর থেকে তিনি সেই ভাইয়ের সঙ্গেই সংসার করছেন। এ ছাড়া আমার স্বামী ধর্মান্তরিত হয়ে গেছেন। তাই সেই স্ত্রী আর নিজেকে স্ত্রী হিসেবে দাবি করতে পারেন না। কিন্তু স্বামীর সম্পত্তি বিশেষ করে একটি মার্কেটের মালিকানা পাওয়ার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। এখন আদালত যা আদেশ দেবেন, তাই মেনে নিতে হবে।’
মীরা নন্দীর সঙ্গে যোগাযোগের কোনো ফোন নম্বর পাওয়া যায়নি। লাশের দাবিদার হিসেবে করা আবেদনেও মীরা নন্দী কোনো ফোন নম্বর বা যোগাযোগের কোনো নম্বর উল্লেখ করেননি।
বারডেম হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, খোকনের লাশ হিমঘরে রাখা বাবদ বিল হয়েছে ২ লাখ ২৬ হাজার টাকা। আদালতের আদেশে যে স্ত্রী স্বামীর লাশ পাবেন, তাঁকেই এ বিল পরিশোধ করতে হবে।
এর আগেও নিহত শিক্ষক চন্দন কুমার চক্রবর্তী ওরফে সাজ্জাদ হোসেনের লাশ নিয়ে দুই ধর্মের দুই স্ত্রীর দাবির বিষয়টি গণমাধ্যমে আলোচনায় আসে। প্রথম স্ত্রী তিথি চক্রবর্তী নাকি দ্বিতীয় স্ত্রী আকলিমা আক্তার লাশ পাবেন, তা নিয়ে জটিলতা দেখা দেয়। এ নিয়ে দুজন আদালতের দ্বারস্থ হন। দুই স্ত্রীই নিজ নিজ ধমর্মতে স্বামীর শেষকৃত্য করার দাবিতে আবেদন করেন। চন্দন চক্রবর্তী ২০০৯ সালের ২৫ ডিসেম্বর রাতে খিলগাঁও এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন। তারপর থেকে দীর্ঘ প্রায় চার বছর চন্দন চক্রবর্তীর লাশ ছিল ঢাকা মেডিকেল কলেজের মর্গে। চন্দন চক্রবর্তীর ধর্মবিশ্বাস নির্ধারণ করতে না পারায় এবং লাশ দীর্ঘদিন ধরে মর্গে থাকায় আদালত ২০১৩ সালের ২৯ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিকেল বিভাগকে চন্দনের লাশ জনহিতকর বা চিকিৎসাশাস্ত্রের কাজে গবেষণার জন্য ব্যবহার করার আদেশ দেন। ওই বছরের ২৭ নভেম্বর লাশটি হাসপাতালের অ্যানাটমি বিভাগের কাছে হস্তান্তর করা হয়।