দুই স্ত্রীকেই হত্যা করেন তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই আরেকটি বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় খুন করেন তাঁকে। এ হত্যা মামলায় ১০ বছর কারাভোগের পর উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে বাড়ি এসে খুন করেন প্রথম স্ত্রীকে। ১০ বছরের ব্যবধানে দুই স্ত্রী হত্যার ঘটনা ঘটিয়েছেন ফখরুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তি। প্রথম স্ত্রী হত্যার ঘটনায় আজ বুধবার আদালত ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আজ বেলা পৌনে তিনটায় ময়মনসিংহ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আমির উদ্দিন এ রায় দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফখরুল ইসলামের বাড়ি ময়মনসিংহের সদর উপজেলার ফকিরাকান্দা গ্রামে। সেখানেই দুই স্ত্রীকে হত্যা করেন ফখরুল।
মামলার বিবরণী থেকে জানা গেছে, ১৯৯১ সালের ফখরুল ইসলাম প্রথম বিয়ে করেন ময়মনসিংহ সদর উপজেলার বয়ড়া পশ্চিমপাড়া গ্রামের শিরিনাজ বেগমকে। তাঁদের সংসারে চার ছেলে আছে। ১৯৯৯ সালে প্রথম স্ত্রী শিরিনাজের অনুমতি ছাড়াই কানিজ ওরফে তানিয়াকে বিয়ে করেন ফখরুল। বিয়ের পর থেকে ফখরুল ইসলাম ও কানিজের বনিবনা না হওয়ায় দাম্পত্য কলহের সৃষ্টি হয়। কলহের জের ধরে ২০০২ সালে ফখরুল কানিজকে হত্যা করেন।
কানিজ হত্যা মামলায় নিম্ন আদালতে ফখরুলের যাবজ্জীবন কারাদণ্ড হয়। ২০১২ সালে ফখরুল ইসলাম উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি লাভ করে বাড়ি আসেন। বাড়ি আসার কিছুদিনের মধ্যে প্রথম স্ত্রী শিরিনাজের সঙ্গেও তাঁর কলহ শুরু হয়। কলহের জের ধরে ২০১২ সালের ২৬ মার্চ দুপুরে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় শিরিনাজকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন ফখরুল ইসলাম। এ ঘটনায় পরদিন শিরিনাজের ভাই রুহুল আমীন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।
মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ আদালত ফখরুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন। ফখরুল ইসলাম এখন ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।