দুই স্থানে রহস্যময় ককটেল বিস্ফোরণ
পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের মহাপরিদর্শকের (আইজি-প্রিজন) কার্যালয়ের সীমানার ভেতরে গতকাল সকালে এবং বিকেলে রূপসী বাংলা হোটেলের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক আবদুল মজিদ ভূঁইয়ার গাড়ি লক্ষ্য করে ককটেল ছুড়েছে দুর্বৃত্তরা। এতে হাসপাতালের পরিচালকের গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হননি। হামলার কারণ নিয়ে কেউ কিছুই বলতে পারেননি।
আইজি (প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন প্রথম আলোকে বলেন, সকাল পৌনে ১০টার দিকে দুই মোটরসাইকেল আরোহী কার্যালয়ের উত্তর পাশের গলি থেকে দুটো ককটেল ছুড়ে পালিয়ে যান। এর মধ্যে একটি ককটেল কার্যালয়ের সীমানার ভেতরে গার্ডরুমের দেয়ালে লেগে বিস্ফোরিত হয়। আরেকটি বিস্ফোরিত হয়নি। হামলাকারীদের মাথায় হেলমেট ছিল।
সৈয়দ ইফতেখার উদ্দীন জানান, কার্যালয়ের চারপাশ সিসি ক্যামেরার আওতাধীন। কিন্তু পাঁচ-ছয় মাস ধরে সিসি ক্যামেরার হার্ডডিস্ক নষ্ট হওয়ায় হামলাকারীদের ছবি সংরক্ষিত হয়নি।
চকবাজার থানার ওসি আজিজুল হক বলেন, কারা অধিদপ্তর এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। অবিস্ফোরিত ককটেলটি থানায় আনা হয়েছে।
ওই হামলার পরে অবশ্য ঢাকা কেন্দ্রীয় কারাগার ও আইজি প্রিজনের কার্যালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সিসি ক্যামেরাগুলো সক্রিয় করতে কাজ শুরু হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক আবদুল মজিদ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে তিনি হাসপাতাল থেকে বনানীতে বাসার উদ্দেশে রওনা দেন। রূপসী বাংলার সামনে পুলিশ বক্সসংলগ্ন মোড় অতিক্রম করছিল তাঁর গাড়ি। তখনই পর পর দুটি ককটেল বিস্ফোরিত হয়। একটি ককটেল এসে পড়ে তাঁর গাড়ির ডান দিকের কাচে। এতে কাচটি ভেঙে যায়। তিনি হামলাকারীদের চিনতে পারেননি।
হামলার কারণ সম্পর্কে পরিচালক আবদুল মজিদ ভূঁইয়া বলেন, হাসপাতালে প্রিজন সেলে বিভিন্ন রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন। এ প্রিজন সেলকে যাতে কেউ ‘অবকাশ কেন্দ্র’ বানাতে না পারেন সে জন্য আমি পরিচালক হিসেবে নির্দিষ্ট আইনকানুন প্রয়োগ করেছি। কিছু লোককে চাকরিচ্যুতও করেছি। ধারণা করছি, এসব কারণে কেউ ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটাতে পারে।’
শাহবাগ থানার কর্তব্যরত কর্মকর্তা (এসআই) শাহ আলম বলেন, এ ঘটনায় পরিচালক বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন।