দুই স্থানে সংঘর্ষে আহত ২০
জামালপুর সদর উপজেলায় ক্যারম খেলাকে কেন্দ্র করে শরিফপুর ও মির্জাপুর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ১০ জন আহত হয়েছেন। গত বুধবার রাতে শরিফপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে সরিষাবাড়ী পৌর শহরে গতকাল বৃহস্পতিবার বিরোধপূর্ণ জমির ঘর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তিন নারীসহ ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
সদর উপজেলায় আহত ব্যক্তিরা হলেন শরিফপুর গ্রামের মামুনুর রশিদ (৪০), মুহাম্মদ রায়হান (১৬), মো. আল আমিন (১৫), শাহিন মিয়া (১৫), মহসীন আলী (১৪), শান্ত মিয়া (১৩) ও লিটন মিয়া (৩৮) এবং শরিফপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও মির্জাপুর গ্রামের সামসুদ্দিন ফজল (৪৮), মহসীন মোল্লা (৩০) ও জহুরুল ইসলাম (৪৫)। সামসুদ্দিন ও মহসীনকে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সরিষাবাড়ীতে আহত ব্যক্তিদের মধ্যে আলামিন মিয়া (২০), আফরোজা বেগম (২৫), মাজেদা বেগম (৪৫), রহিমা বেগম (৪১), নন্দ মিয়া (৫০) ও দুলাল মিয়াকে (৪৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের বাড়ি বাউসী মধ্যপাড়া গ্রামে।
জামালপুর সদর থানার ওসি নাছিমুল ইসলাম গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে প্রথম আলোকে বলেন, খবর পেয়ে দ্রুত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে অবশ্যই তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানায়, সোমবার দুপুরে শরিফপুরের ব্যাপারীপাড়ায় ক্যারম খেলাকে কেন্দ্র করে শরিফপুর গ্রামের মুহাম্মদ রায়হান ও মির্জাপুর এলাকার রবিন মিয়ার ঝগড়া হয়। বিষয়টি সমাধানের জন্য বুধবার রাত আটটার দিকে শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে বৈঠক বসে। মির্জাপুর এলাকার লোকজন এ বৈঠকের সিদ্ধান্ত মানতে চান না। একপর্যায়ে দুই গ্রামের লোকজন ঝগড়ায় জড়িয়ে পড়েন। রাত ১০টার দিকে মির্জাপুরের লোকজন শরিফপুর বাজার এলাকায় অবস্থান নেন। একপর্যায়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় শরিফপুর এলাকার লাভলু মিয়া ও লিমন মিয়ার মুদি দোকান, ইসমাইল হোসেনের খাবার হোটেল এবং মির্জাপুর এলাকার আবদুল কাদেরের ফলের দোকান ও সুজা মিয়ার মুদি দোকান ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
শরিফপুর গ্রামের খলিলুর রহমান বলেন, ‘মির্জাপুর এলাকার লোকজন বৈঠকে আমাদের ওপর উত্তেজিত হয়ে মারধর শুরু করে দেন। পরে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়েন।’
মির্জাপুর গ্রামের আমিনুল ইসলাম বলেন, ‘বৈঠকে শরিফপুর গ্রামবাসীর কয়েকজনের সঙ্গে ঝগড়া বাধে। এ সময় তাঁরাই আমাদের ওপর হামলা করেন। আমাদের শরিফপুর বাজারে কয়েকটি দোকান ভাঙচুর করেন তাঁরা।’
সরষাবাড়ীতে আহত ব্যক্তিদের সূত্রে জানা যায়, পৌর শহরের বাউসী মধ্যপাড়া গ্রামের আছমা বেগমের সঙ্গে একই গ্রামের মাসুদ মিয়ার জমি নিয়ে বিরোধ রয়েছে। গতকাল সকালে মাসুদ মিয়ার লোকজন পঞ্চপীর বাজারের ওই জমিতে একটি ঘর দখল করতে যায়। আছমা বেগমের লোকজন এতে বাধা দেয়। একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রের আঘাতে ১০ জন আহত হন।
আছমা বেগম বলেন, ‘পঞ্চপীর বাজারে আমার ক্রয় করা জমির ওপর তৈরি করা ঘরে মাসুদ মিয়ার লোকজন উঠতে চাইলে আমরা বাধা দিই। এ সময় মাসুদ মিয়ার লোকজন আমাদের লোকজনকে কুপিয়ে আহত করেছে।’
মাসুদ মিয়ার বাবা নন্দ মিয়া বলেন, জমিটি তাঁদের।