দুই সড়কে অভিযান, ২২ যান আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল বৃহস্পতিবার অবৈধ ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পুলিশ। এ সময় লাইসেন্স ও ফিটনেস না থাকায় ২২টি যান আটক এবং ৭২টির বিরুদ্ধে মামলা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-মাওয়া মহাসড়কের সিরাজদিখান উপজেলার নিমতলা, শ্রীনগরের ছনবাড়ি ও মাওয়া চৌরাস্তায় চৌকি বসিয়ে পুলিশ গতকাল বিকেলে অভিযান পরিচালনা করে। এই তিন স্থান থেকে ফিটনেস না থাকার কারণে আটটি ভটভটি, পাঁচটি পিকআপসহ ছোট যান ও ছয়টি লাইসেন্সবিহীন মোটরসাইকেল আটক করা হয়। এ ছাড়া ফিটনেস না থাকায় তিন থানায় ৬০টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়। বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত ছনবাড়িতে অভিযান পরিচালনার সময় পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার উপস্থিত ছিলেন।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আশরাফ হোসেন জানান, গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া এলাকায় চৌকি বসিয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফিটনেসবিহীন তিনটি নছিমনকে আটক করে। এ ছাড়া আটটি যানের বিরুদ্ধে মামলা হয়েছে। একই দিন মহাসড়কের আনারপুরা এলাকায় আরেকটি চৌকি বসিয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় ফিটনেসবিহীন চারটি যানের বিরুদ্ধে মামলা করা হয়।
গজারিয়া থানার ওসি ফেরদৌস হাসান জানান, এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।