পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নে সাড়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনা দুই হাজার টাকা জরিমানা ও জুতাপেটা করে মীমাংসা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত বুধবার বিকেলে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিরাজ মিয়ার ভগ্নিপতি ইকবাল মোল্লা শিশুটির পরিবারকে দুই হাজার টাকা দিয়ে ও অভিযুক্ত কিশোরকে (১৬) জুতাপেটা করে মীমাংসা করে দেন।
শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার সকালে সাপলেজা ইউনিয়নের জেলে এক কিশোর প্রতিবেশী এক শিশুকে বিস্কুট খাওয়ানোর কথা বলে নদীর তীরে ডেকে নিয়ে যায়। এরপর একটি ঝোপে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি বাড়িতে গিয়ে ঘটনাটি তার মাকে জানায়। শিশুটির মা বিষয়টি ইউপি চেয়ারম্যান মিরাজ মিয়াকে জানান। মিরাজ মিয়া তাঁর ভগ্নিপতি ইকবাল মোল্লাকে বিষয়টি মীমাংসা করে দিতে বলেন। গত বুধবার বিকেলে ইকবাল মোল্লা বাড়িতে গিয়ে শিশুটির মায়ের হাতে দুই হাজার টাকা দেন এবং আরও পাঁচ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। এ সময় অভিযুক্ত কিশোরকে ডেকে জুতাপেটা করা হয়।
সাপলেজা ইউপির চেয়ারম্যান মিরাজ মিয়াকে একাধিক বার ফোন দেওয়ার পর তিনি একবার ফোন ধরলেও কথা বলেননি। তবে ইকবাল মোল্লা ও অভিযুক্ত কিশোরের ফোন বন্ধ পাওয়া গেছে।
অভিযুক্ত কিশোরের বাবা বলেন, বিষয়টি মীমাংসা করা হয়েছে।