দুই হামলাকারী চিহ্নিত হলেও আট দিনেও গ্রেপ্তার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার হোসেনি দালানে গ্রেনেড হামলাকারী দুজন চিহ্নিত হলেও তাদের আট দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে ওই গ্রেনেড হামলায় আহত ১৪ জন এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা উন্নতির দিকে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
গত ২৩ অক্টোবর দিবাগত রাত পৌনে দুইটার দিকে (পবিত্র আশুরার আগের রাতে) হোসেনি দালানের ইমামবাড়ায় তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় হাতে তৈরি গ্রেনেড হামলা চালানো হলে দুজন নিহত ও দেড় শতাধিক লোক আহত হয়। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে চকবাজার থানায় হওয়া মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির উপকমিশনার মাশরুকুর রহমান ওরফে খালেদ প্রথম আলোকে বলেন, হোসেনি দালান এলাকার ৩২টি ক্লোজড সার্কিট ক্যামেরার (সিসি ক্যামেরা) ভিডিও ফুটেজ দেখে দুই হামলাকারী চিহ্নিত হয়েছে। তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। হামলার সঙ্গে আরও কয়েকজন জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।
তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, হোসেনি দালানে হামলার সঙ্গে গাবতলীতে পুলিশ কর্মকর্তা ইব্রাহিম মোল্লা হত্যাকারীদের যোগসূত্র রয়েছে। ঘটনার পরপর পুলিশ ইমামবাড়া প্রাঙ্গণ থেকে দুটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করেছে। এর আগের দিন ২২ অক্টোবর পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ইব্রাহিম মোল্লা হত্যায় গ্রেপ্তার হওয়া মাসুদ রানার তথ্যের ভিত্তিতে কামরাঙ্গীরচরের একটি মেস থেকে পাঁচটি হাতে তৈরি গ্রেনেড উদ্ধার করে পুলিশ। তদন্তের সঙ্গে যুক্ত কর্মকর্তারা বলেন, ইমামবাড়া প্রাঙ্গণ ও কামরাঙ্গীরচরের মেস থেকে উদ্ধার হওয়া বিস্ফোরকগুলো হাতে তৈরি গ্রেনেড এবং এগুলোর হুবহু মিল রয়েছে। কামরাঙ্গীরচরের গ্রেনেড উদ্ধারের ঘটনায় হওয়া মামলায় চারজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তদন্ত তদারক কর্মকর্তা ডিবির উপকমিশনার মাশরুকুর রহমান বলেন, কামরাঙ্গীরচর থেকে গ্রেনেড উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার হওয়া চারজনকে হোসেনি দালানের ইমামবাড়ায় হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে।
তদন্ত-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পুলিশের এএসআই ইব্রাহিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া এনামুলকে গ্রেপ্তার করা গেলে হোসেনি দালানের ঘটনার নেপথ্যের তথ্য পাওয়া যাবে।